নিয়মিত ‘লাল মাংস’ খেলে রক্তচাপের কী হয়

গরু, খাসি কিংবা ভেড়ার মতো লাল মাংস (Red meat) অনেকেরই পছন্দের খাবার। এতে প্রোটিন, আয়রন, ভিটামিন বি১২সহ শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে , খেতেও ভালো। তবে গবেষণা বলছে, নিয়মিত বেশি পরিমাণে লাল মাংস খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে প্রক্রিয়াজাত লাল মাংস। যেমন—সসেজ, বেকন, হটডগ বা সালামি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর হতে পারে।
লাল মাংস কীভাবে রক্তচাপ বাড়ায়
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত বেশি পরিমাণে লাল মাংস খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। একটি গবেষণায় দেখা যায়, যারা সবচেয়ে বেশি মাংস খান, তাদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৩৯ শতাংশ বেশি।
আরেকটি গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন প্রায় ২০০ গ্রাম বা তার বেশি লাল মাংস খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
তবে সব ধরনের লাল মাংসের প্রভাব এক নয়। অপ্রক্রিয়াজাত বা কম চর্বিযুক্ত মাংস পরিমিত পরিমাণে খেলে ঝুঁকি তুলনামূলক কম। বিপরীতে প্রক্রিয়াজাত মাংসে অতিরিক্ত লবণ, সংরক্ষণকারী উপাদান ও চর্বি থাকায় তা বেশি ক্ষতিকর।
কেন হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে
লাল মাংসে এমন কিছু উপাদান রয়েছে যা হৃদযন্ত্র ও রক্তনালির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্যাচুরেটেড ফ্যাট
লাল মাংসে থাকা স্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে। এর ফলে ধমনিতে চর্বি জমে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে।
অতিরিক্ত সোডিয়াম
প্রক্রিয়াজাত মাংসে সাধারণ মাংসের তুলনায় অনেক বেশি লবণ থাকে। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি জমিয়ে রক্তচাপ বাড়াতে পারে।
ক্ষতিকর রাসায়নিক উপাদান
প্রক্রিয়াজাত মাংসে ব্যবহৃত নাইট্রেট ও নাইট্রাইট হৃদরোগের ঝুঁকি বাড়ানোর সঙ্গে সম্পর্কিত।
ট্রাইমিথাইলঅ্যামাইন এন-অক্সাইড (TMAO) নামের যৌগ
লাল মাংস হজমের সময় শরীরে ট্রাইমেথাইলামিন এন-অক্সাইড তৈরি হতে পারে। গবেষকরা মনে করেন, এটি ধমনিতে প্লাক জমা বাড়াতে পারে, যা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
কতটুকু লাল মাংস খাওয়া নিরাপদ?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন ৫০ থেকে ১০০ গ্রাম অপ্রক্রিয়াজাত লাল মাংস খাওয়া তুলনামূলক নিরাপদ সীমার মধ্যে ধরা হয়।
আর প্রক্রিয়াজাত লাল মাংস যতটা সম্ভব কম খাওয়াই ভালো। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ দিনে ৫০ গ্রামের কম খাওয়ার পরামর্শ দেন।
হৃদযন্ত্র ভালো রাখতে কী খাবেন?
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু মাংস কমানোই যথেষ্ট নয়। খাদ্যাভ্যাসে আরও কিছু পরিবর্তন জরুরি।
বিশেষজ্ঞরা যেসব খাবার বেশি খেতে বলেন:
- শাকসবজি ও ফলমূল
- পূর্ণ শস্যজাত খাবার
- ডাল, বাদাম ও বীজ
- মাছ ও কম চর্বিযুক্ত প্রোটিন
- কম চর্বিযুক্ত দুধ বা দুগ্ধজাত খাবার
এছাড়া লবণ, অতিরিক্ত চিনি, ভাজাপোড়া ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরিমিতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ
চিকিৎসকদের মতে, মাঝে মাঝে পরিমিত পরিমাণে লাল মাংস খাওয়া বেশিরভাগ সুস্থ মানুষের জন্য বড় সমস্যা নয়। তবে নিয়মিত অতিরিক্ত খাওয়া, বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস, দীর্ঘমেয়াদে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।
তাই সুস্থ থাকতে খাবারের ভারসাম্য বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: ভেরি ওয়েল হেল্erywellhealth.com/red-meat-and-blood-pressure-11870029