দিনে কয়টি কলা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

কলা এমন একটি ফল যা সহজলভ্য, পুষ্টিকর এবং দ্রুত শক্তি পাওয়ার একটি ভালো উৎস। এতে রয়েছে ফাইবার, পটাশিয়াম ও প্রাকৃতিক চিনি, যা শরীরের জন্য উপকারী। তবে যেকোনো খাবারের মতোই কলাও পরিমিতভাবে খাওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ একজন মানুষের জন্য দিনে ২ থেকে ৩টি কলা খাওয়া সাধারণত নিরাপদ। এর বেশি খেলে কিছু স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে, বিশেষ করে যদি আপনার আগে থেকে কোনো শারীরিক সমস্যা থাকে।
চলুন জেনে নিই বেশি কলা খেলে কী হতে পারে
অতিরিক্ত পটাশিয়াম
একটি মাঝারি আকারের কলায় প্রায় ৪০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। পটাশিয়াম শরীরের জন্য গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত হলে সমস্যা তৈরি করতে পারে।
যাদের কিডনির সমস্যা আছে, তাদের শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমে যেতে পারে। এতে হাইপারক্যালেমিয়া নামের একটি জটিলতা দেখা দিতে পারে, যা হৃদস্পন্দনের অনিয়ম, পেশি দুর্বলতা বা পক্ষাঘাতের মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
রক্তে শর্করার ওঠানামা
কলায় প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি শুধু কলা খাওয়া হয়, তাহলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস থাকলে কলার সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম বা দই খাওয়া ভালো।
হজমের সমস্যা
অতিরিক্ত কলা খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। কারণ কলায় ফাইবার বেশি এবং এটি উচ্চ FODMAP (স্বল্প-শৃঙ্খলযুক্ত কার্বোহাইড্রেট শর্করা, যা ক্ষুদ্রান্ত্র ভালোভাবে শোষণ করতে পারে না) খাবারের মধ্যে পড়ে। কিছু মানুষের শরীর এই ধরনের কার্বোহাইড্রেট ঠিকমতো হজম করতে পারে না, ফলে অস্বস্তি তৈরি হয়।
যাদের আগে থেকেই ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS) বা হজমজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি।
তবুও কলা কেন ভালো
সবকিছু বিবেচনা করেও কলা একটি স্বাস্থ্যকর খাবার। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফাইবার হজম ভালো রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুরক্ষা দেয়।
কম পাকা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া কলা দ্রুত শক্তি দেয়, তাই ব্যায়ামের আগে বা পরে এটি ভালো একটি স্ন্যাকস হতে পারে।
একটি মাঝারি কলার পুষ্টিগুণ
ক্যালরি: ১০৫
কার্বোহাইড্রেট: ২৭ গ্রাম
ফাইবার: ৩ গ্রাম
চিনি: ১৪ গ্রাম
প্রোটিন: ১ গ্রাম
ক্যালসিয়াম: ৬ মিলিগ্রাম
সোডিয়াম: ১ মিলিগ্রাম
আয়রন: ১ মিলিগ্রাম
কলা একটি পুষ্টিকর ও উপকারী ফল, তবে পরিমাণের দিকে নজর রাখা জরুরি। সাধারণভাবে দিনে ২ থেকে ৩টি কলা খাওয়া নিরাপদ। তবে যদি আপনার কিডনির সমস্যা, ডায়াবেটিস বা হজমের সমস্যা থাকে, তাহলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পরিমাণ ঠিক করা উচিত।
সবশেষে বলা যায়, এক খাবার নয়, বরং সুষম খাদ্যাভ্যাসই সুস্থ থাকার মূল চাবিকাঠি।
সূত্র : ভেরি ওয়েল হেল্থ


