logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অজান্তেই হতে পারে বড় বিপদ

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অজান্তেই হতে পারে বড় বিপদ
সাধারণ সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। ছবি: এভরিডে হেলথ

একটু জ্বর বা সর্দি-কাশি হলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে এনে খাওয়া শুরু করছেন। তাৎক্ষণিক উপকার পাচ্ছেন দেখে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজনও মনে করছেন না। অনেকের আবার আগের প্রেসক্রিপশনে থাকা ওষুধ খাওয়ার প্রবণতা আছে। এভাবে অজান্তেই আপনি নিজের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছেন।

আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি, কাশি, হাঁচি ও গলাব্যথার সমস্যা দেখা দেওয়া একদম স্বাভাবিক। কিন্তু সাধারণ সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক খেলে শরীরের উপকারের বদলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অকারণে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে বাড়তে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যা ভবিষ্যতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসাকে অনেক কঠিন করে তুলতে পারে।

Advertisement

সর্দি-কাশি হলেই কি অ্যান্টিবায়োটিক প্রয়োজন?

সর্দি, কাশি বা গলাব্যথা হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। সাধারণ সর্দি ও ফ্লুর মতো অসুস্থতার বেশির ভাগই ভাইরাসের কারণে হয়ে থাকে। অন্যদিকে, অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। ভাইরাসের সংক্রমণে এই ওষুধ কার্যকর না।

তাই ভাইরাসজনিত সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক খেলেও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে না। বরং অপ্রয়োজনে ওষুধ সেবনের কারণে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

কোনো সংক্রমণ ভাইরাস নাকি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, তা উপসর্গ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক নির্ধারণ করেন। তাই অসুস্থ হলেই নিজের সিদ্ধান্তে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না।

অকারণে অ্যান্টিবায়োটিক খেলে বিপদ হতে পারে

অযথা বা প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR হতে পারে। এর ফলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তখন নির্দিষ্ট ওষুধ দিয়ে আগের মতো সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ছিল।

এই পরিস্থিতি উদ্বেগজনক। কারণ, কোনো ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে উঠলে সেই সংক্রমণের চিকিৎসায় বিকল্প ওষুধের প্রয়োজন হতে পারে। চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে এবং রোগীর সুস্থ হতে বেশি সময় লাগতে পারে।

শুধু যে ব্যক্তি অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তিনিই ঝুঁকিতে থাকেন এমন না। ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।

অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া কী কী?

প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করলে শরীরে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন-

  • বমি বমি ভাব ও বমি।
  • ডায়রিয়া ও পেটের সমস্যা।
  • ত্বকে র‍্যাশ বা অ্যালার্জি।
  • কিছু ক্ষেত্রে গুরুতর অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া।

কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন, কত মাত্রায় আর কত দিন খেতে হবে, তা রোগীর অবস্থা বুঝে চিকিৎসক নির্ধারণ করেন। তাই অন্যের প্রেসক্রিপশন দেখে বা আগের অসুস্থতার জন্য ব্যবহৃত অ্যান্টিবায়োটিক নতুন করে খাবেন না।

সর্দি-কাশি হলে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে কী করবেন?

সাধারণ সর্দি-কাশি হলে অযথা অ্যান্টিবায়োটিক না খেয়ে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।

  • চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করবেন না।
  • শরীরের পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন।
  • পর্যাপ্ত বিশ্রাম নিন।
  • উপসর্গ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন।
  • আগের প্রেসক্রিপশনে থাকা অ্যান্টিবায়োটিক নিজে থেকে আবার খাওয়া শুরু করবেন না।
  • চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলে তার নির্দেশ অনুযায়ী নির্ধারিত মাত্রা ও সময় মেনে ওষুধ সেবন করুন। নিজে থেকে ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।
  • শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দীর্ঘস্থায়ী জ্বর বা শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।