গত বছর জ্বরে আক্রান্ত ৯৮ শতাংশ রোগীর ছিল চিকুনগুনিয়া

২০২৫ সালে সারা দেশে চিকুনগুনিয়া ভয়াবহ আকার ধারণ করে। পুরুষদের চেয়ে নারীরা এতে বেশি আক্রান্ত হয়েছে। তবে অনেকেই জ্বরে আক্রান্ত হলেও প্রথম দিকে চিকুনগুনিয়ায় ধরা পড়েনি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালে জ্বরে আক্রান্ত ৯৮ শতাংশ রোগী পরবর্তী সময়ে মশাবাহিত গুরুতর রোগ চিকুনগুনিয়ায় সংক্রমিত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৪২ জন রোগীর ওপর গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণা ছিল বহুমাত্রিক ক্রস-সেকশনাল। গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়ে এটি পরিচালিত হয়।
গত ১৭ এপ্রিল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ইউরোপীয় সোসাইটি অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (ইএসসিএমআইডি) বৈশ্বিক সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হয়। গবেষণাটি পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বোর্ড দ্বারাও অনুমোদিত।
গবেষণার মূল উদ্দেশ্য ছিল চিকুনগুনিয়ায় আক্রান্তের কারণে প্রাপ্তবয়স্কদের মধ্যে জীবনমানের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা। গবেষণায় রোগীর মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার আগে জ্বরে আক্রান্ত সর্বোচ্চ ৪৩৩ জন, যা মোট রোগীর প্রায় ৯৮ শতাংশ। সর্বনিম্ন তিন দিন থেকে টানা কয়েক সপ্তাহ পর্যন্ত জ্বরে কাবু থাকতে হয় এসব রোগীকে। ২২ শতাংশ রোগীকে একেবারে শয্যাশায়ী থাকতে হয়।
গবেষণায় চিকুনগুনিয়ায় কাবু হওয়া রোগীদের মধ্যে ৭১ শতাংশের মাঝে হাঁটু, গোড়ালি ও অস্থিসন্ধিতে গুরুতর প্রভাবিত করার প্রমাণ মিলেছে। অন্য উপসর্গের মধ্যে ৫৯ শতাংশ রোগীর পেশি ব্যথা, ৫৩ শতাংশের ফুসকুড়ি, ৪২ শতাংশের বমি, ১৫ শতাংশের ডায়রিয়া, চোখের পেছনে ব্যথা ১৩ শতাংশের, মুখের ঘা ১২ দশমিক ২ শতাংশের এবং মাথাব্যথা পাওয়া গেছে সাড়ে ৭ শতাংশের। আরটি-পিসিআর পজিটিভ মিলেছে ২৭ শতাংশের। পেটে ব্যথা ৯ দশমিক ৭ শতাংশ, ৬ শতাংশ রোগী পেট ফোলা থাকার তথ্য-প্রমাণও মিলেছে। রোগটি নিয়ে মাঝারিভাবে বিষণ্ণ ছিলেন ৫০ শতাংশ।
রোগীদের অস্থিসন্ধি আক্রান্ত হওয়ার অনুপাত বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ ৬০ শতাংশের ছিল হাঁটুতে ব্যথা। ৫৮ শতাংশের গোড়ালি, ছোট জয়েন্টগুলোতে ৪৮ শতাংশের, ৩০ শতাংশের ব্যথা ছিল কনুইয়ে।
গবেষকরা জানান, এসব রোগীর মধ্যে শুধু শরীরের গিঁটে ব্যথায় কাতর হয়েছে সর্বোচ্চ ৯৭ শতাংশ। ৭১ শতাংশের শরীরে মিলেছে অস্থিসন্ধিতে দুলুনি ও স্পর্শকাতরতা। এ ছাড়া আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৭৬ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত এবং আইজিএম পজিটিভ ৭৪ শতাংশের। রোগটি নিয়ে খুবই উদ্বিগ্ন ও বিষণ্ণ ছিলেন ৪৯ শতাংশ।
এ প্রসঙ্গে ট্রপিক্যাল ডিজিজ অ্যান্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জাহিদ হাসান বলেন, চিকুনগুনিয়া রোগীদের মহামারি সংক্রান্ত বৈশিষ্ট্য নিরূপণ করা এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু সাইফ মোহাম্মদ লুৎফুল কবির বলেন, ২০২৫ সালের জুলাই-আগস্টের দিকে চট্টগ্রামে টানা কয়েক মাস চিকুনগুনিয়ার ভয়াবহতা দেখা যায়। হঠাৎ কেন এত বেশি রোগী রোগটিতে আক্রান্ত হয়েছে তার বিস্তারিত তুলে ধরতেই গবেষণাটির উদ্যোগ নেওয়া হয়, যা ভবিষ্যতে চিকিৎসা সেবা প্রদানে বড় ভমিকা রাখবে।
ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, গবেষণায় পুরুষদের চেয়ে নারীরা চিকুনগুনিয়ায় বেশি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য অবনতিও ঘটেছে, যেখানে নারীরা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। রোগীরা শরীরের প্রতিটি জয়েন্টে অতিমাত্রায় ব্যথায় কাতর হওয়ার একাধিক তথ্য পেয়েছি গবেষণায়।
গবেষণার নেতৃত্বে ছিলেন ট্রপিক্যাল ডিজিজ অ্যান্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জাহিদ হাসান, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. শাহাবুল হুদা চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মুনা ইসলাম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু সাইফ মোহাম্মদ লুৎফুল কবির ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী, ডেল্টা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সাদিয়া ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট (ল্যাবরেটরি মেডিসিন) তানজিন নাহার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. জান্নাতুল ফারদৌস, আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক রিফায়া তাসনিম, পপুলার মেডিকেল কলেজের অধ্যাপক কাজী তরিকুল ইসলাম ও আসিফ আহমেদ, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যাপক মো. আতিকেল ইসলাম চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট মাধবী কর্মকার, পিআই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট মো. মাহির ফয়সাল আকাশ ও জুনিয়র কনসালট্যান্ট মহিউদ্দিন শরীফ। তথ্যসূত্র:সমকাল