হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২ ও ময়মনসিংহে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৯৩৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ জন ছাড়পত্র পেয়েছেন।