পিরিয়ডের আগে কি ঘুম আসে না, হতে পারে এই গুরুতর সমস্যা

পিরিয়ডের আগে অনেকেরই ঘুমের সমস্যা হয়। কেউ সহজে ঘুমাতে পারেন না, কেউ মাঝরাতে বারবার জেগে ওঠেন, আবার কেউ ৭-৮ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন। বিশেষজ্ঞদের মতে, এটি সব সময় সাধারণ অনিদ্রা নয়। অনেক ক্ষেত্রে এর সঙ্গে পিএমএস (Premenstrual Syndrome) বা পিএমডিডি (Premenstrual Dysphoric Disorder)-এর সম্পর্ক থাকতে পারে।
ফর্টিস ওপি জিন্দাল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট (এমবিবিএস, এমএস- প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ডা. ভারতী সোয় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
পিএমএস ও অনিদ্রার সম্পর্ক
ডা. সোয়ের মতে, যাদের আগে ঘুমের সমস্যা ছিল না কিন্তু পিরিয়ডের কয়েক দিন আগে হঠাৎ ঘুম নষ্ট হতে শুরু করে, তাদের ক্ষেত্রে এটি পিএমএস জনিত অনিদ্রা হতে পারে।
তিনি জানান, পিএমএস অনেকের মধ্যেই দেখা যায়, কিন্তু ঘুমের সমস্যা এর একটি কম আলোচিত লক্ষণ। কারও কারও ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে, যাকে বলা হয় পিএমডিডি।
পিএমডিডি কী?
পিএমডিডি হলো পিএমএসের তুলনায় বেশি তীব্র একটি অবস্থা। এতে পিরিয়ডের আগের সপ্তাহে অতিরিক্ত বিরক্তি, উদ্বেগ, প্যানিক বা আতঙ্ক, মানসিক অস্থিরতা ও/বা অনিদ্রা দেখা দিতে পারে।
ডা. সোয়ের ভাষায়, এই সময় হরমোনের ওঠানামা শরীরের স্বাভাবিক স্লিপ সাইকেল বা ঘুমের ছন্দকে ব্যাহত করতে পারে। ফলে রাতভর অস্থিরতা, হালকা ঘুম বা একেবারেই ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেই এটিকে সাধারণ মানসিক চাপ ভেবে এড়িয়ে যান, ফলে সঠিক কারণ শনাক্ত হতে দেরি হয়।
যে লক্ষণগুলো খেয়াল রাখা জরুরি
পিএমএস বা পিএমডিডি -সম্পর্কিত ঘুমের সমস্যায় বারবার ঘুম ভেঙে যাওয়া, খুব জীবন্ত বা অস্বাভাবিক স্বপ্ন দেখা, হালকা ঘুম হওয়া, পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত লাগা ও দিনভর অবসাদ অনুভব করার লক্ষণ দেখা দিতে পারে।
কীভাবে সামলাবেন?
ডা. সোয়ের পরামর্শ হলো, প্রথমে নিজের ঘুমের ধরন ও মাসিক চক্র একসঙ্গে নোট করা। এতে বোঝা সহজ হবে সমস্যাটি নিয়মিত পিরিয়ডের আগেই হচ্ছে কি না।
ডা. সোয় বলেন ,‘যদি প্রতি মাসে পিরিয়ডের আগে ধারাবাহিকভাবে ঘুমের সমস্যা দেখা দেয়, তাহলে এটিকে শুধু অভ্যাস বা স্ট্রেস বলে এড়িয়ে যাওয়া উচিত নয়।’
যে অভ্যাসগুলো সাহায্য করতে পারে
চিকিৎসার পাশাপাশি কিছু ছোট কিন্তু নিয়মিত অভ্যাস উপকার দিতে পারে-
- হালকা ব্যায়াম করা
- পিরিয়ডের আগে ক্যাফেইন কমানো
- চিনি কম খাওয়া
- অল্প অল্প করে সুষম খাবার খাওয়া
- নিয়মিত ঘুমের সময় বজায় রাখা
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
যদি এই উপসর্গগুলো প্রতি মাসে বারবার দেখা দেয় এবং দৈনন্দিন জীবন, কাজ বা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে, তাহলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
পিরিয়ডের আগে সামান্য অস্বস্তি হওয়া স্বাভাবিক হতে পারে। তবে নিয়মিত অনিদ্রা, অতিরিক্ত ক্লান্তি বা মানসিক অস্থিরতা থাকলে সেটিকে স্বাভাবিক ধরে নেওয়া ঠিক নয়। শরীরের সংকেতগুলো গুরুত্ব দিলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমানো সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস






