বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিশেষ বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এই নিয়োগের প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া অনতিবিলম্বে সম্পন্ন করতে বর্তমানে দাপ্তরিক কাজ চলছে।
এর আগে ২০২৫ সালের ২৯ মে বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির অধীনে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ চিকিৎসক এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হয়।
নার্স নিয়োগের আইনি জটিলতা নিরসনের কথা জানিয়ে সরদার সাখাওয়াত বলেন, ৪ হাজার ১০০ নার্সের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি রিট মামলা খারিজ হয়েছে। সরকারের উদ্যোগ এবং অ্যাটর্নি জেনারেলের সহযোগিতার ফলে ৪ হাজার ১০০ নার্স ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের ১৭ বছরের অপশাসন ও দুর্নীতি দায়ী উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান নিয়োগ না দিয়ে শুধু এক্স-রে ও রেডিওথেরাপিসহ বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছিল। উপযুক্ত লোকবলের অভাবে কোটি কোটি টাকার এসব মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না এবং হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য খাতের অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের সব ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং আধুনিক পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন।




