শীতে ত্বকের শুষ্কতা কমাতে মেনে চলুন এই ১০ নিয়ম

শীত এলেই ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলেও অনেক সময় ত্বকের শুষ্কতা দূর হয় না। রুক্ষতার পাশাপাশি অনেকের ত্বকে জ্বালাপোড়া ও চামড়া ওঠার সমস্যাও দেখা দিতে পারে। তবে প্রতিদিনের ত্বকের যত্নে কিছু পরিবর্তন আনলে শীতেও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারবেন।
ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন
শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়। এ সময় ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করলে বাতাসের আর্দ্রতা বজায় থাকে। বিশেষ করে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি পান করুন
শীতকালে অনেকেই স্বাভাবিকের তুলনায় কম পানি পান করেন। এটি ত্বককে আরও বেশি শুষ্ক করে তোলে। ত্বকের আর্দ্রতা ও সুস্থতা বজায় রাখতে শরীরের পানির ভারসাম্য ঠিক রাখা জরুরি। তাই শীতকালেও নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।
সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন
শীতকালে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সিরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন ও ইউরিয়াযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এসব উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
অন্যদিকে সুগন্ধি, রং, অ্যালকোহল ও ডিন্যাচারড অ্যালকোহলযুক্ত ময়েশ্চারাইজার এড়িয়ে চলুন। এসব উপাদান ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
রাতে ইমোলিয়েন্ট ব্যবহার করুন
ঘুমানোর আগে ত্বকে ইমোলিয়েন্ট বা আর্দ্রতা ধরে রাখার উপযোগী ক্রিম লাগান। এতে ত্বক শোষণের জন্য পর্যাপ্ত সময় পায়। এটি ত্বকের হারানো আর্দ্রতা ও প্রাকৃতিক তেল ফিরে পেতে সাহায্য করে।
গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন
শীতকালে গোসল বা হাত-মুখ ধোয়ার কাজে অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল আরও দ্রুত সরিয়ে দেয়। এটি ত্বকের সুরক্ষাব্যবস্থার ক্ষতি করতে পারে। তাই গোসল ও মুখ ধোয়ার জন্য প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কুসুম গরম পানি ব্যবহার করুন।
মৃদুভাবে ত্বক এক্সফোলিয়েট করুন
এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের মৃত কোষ দূর হয় ও ত্বক মসৃণ দেখায়। তবে শুষ্ক বা খসখসে ত্বকে শক্ত স্ক্রাব ব্যবহার না করে মৃদু কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করতে পারেন। যেমন- আলফা হাইড্রক্সি অ্যাসিড ও বিটা হাইড্রক্সি অ্যাসিড।
আর্দ্রতা ধরে রাখে এমন উপাদান ব্যবহার করুন
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অক্লুসিভ উপাদান বেশ কার্যকরী। এগুলো ত্বকের উপর সুরক্ষামূলক স্তর তৈরি করে আর্দ্রতা বেরিয়ে যেতে বাধা দেয়। পেট্রোলিয়াম জেলি, শিয়া বাটার, রোজহিপ অয়েল, জোজোবা অয়েল ও কোকো বাটার এ ধরনের উপাদানের উদাহরণ।
খাবারের দিকে নজর দিন
ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ত্বকের সুস্থতা বজায় রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার খান। এসব খাবার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
সংবেদনশীল ত্বকের উপযোগী ডিটারজেন্ট ব্যবহার করুন
কাপড় ধোয়ার সাধারণ ডিটারজেন্টে তীব্র রাসায়নিক ও সুগন্ধি থাকে। এসব উপাদান সংবেদনশীল ত্বকে সমস্যা তৈরি করতে পারে। তাই এ ধরনের ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ডিটারজেন্ট ব্যবহার করুন।
আরামদায়ক পোশাক ও গ্লাভস পরুন
ঠান্ডা আবহাওয়ায় ত্বককে সুরক্ষিত রাখতে আরামদায়ক কাপড় ও গ্লাভস পরা যেতে পারে। ত্বকে অস্বস্তি বা জ্বালাপোড়া তৈরি করে না এমন কাপড় পরুন। বিশেষ করে বাইরে যাওয়ার সময় গ্লাভস ব্যবহার করুন। এতে ঠান্ডা আবহাওয়ায় হাতের ত্বক সুরক্ষিত থাকবে।
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান ও ক্ষতিকর স্কিনকেয়ার পণ্য এড়িয়ে চললে ত্বকের শুষ্কতা কমানো সম্ভব। এরপরও ত্বকের শুষ্কতা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।


