আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেওয়া হবে যে ৬ হাসপাতালে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন কয়েক শ রোগী।
তবে আদ্-দ্বীনে এখন আর সেবা দেওয়ার বিধান না থাকায় এখান থেকে স্থানান্তরিত বা রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) রাতে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে আদ্-দ্বীন হাসপাতাল থেকে আসা রোগীদের কোনো বিলম্ব ছাড়াই জরুরি চিকিৎসাসেবা দিতে হবে।
সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালক এবং আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালককে এই চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চিঠিতে বলা হয়, গত ১১ জুন আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ওই হাসপাতাল থেকে যেসব রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর বা রেফার করা হচ্ছে, তাদের যেন কোনো রকম বিলম্ব ছাড়াই তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যু ঘটে। এ ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলা এবং চিকিৎসকের অনুপস্থিতির সুস্পষ্ট প্রমাণ মেলায় ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে আদ্-দ্বীন কর্তৃপক্ষের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
লাইসেন্স বাতিলের পর হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং জরুরি বিভাগসহ বহির্বিভাগের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আগে থেকে চিকিৎসাধীন রোগীদের সেবা অব্যাহত রাখতে তাদের দ্রুত ছয়টি সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
