সারা দেশে ৭০ হাজার কেন্দ্রে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। ঢাকাসহ সারা দেশের ৭০ হাজার স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে চলবে এই কর্মসূচি।
রোববার (১৯ এপ্রিল) রাতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
ইপিআইয়ের ওই কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, ‘সোমবার সারা দেশে প্রায় ৭০ হাজার কেন্দ্রে টিকাদান চলবে। এ ছাড়া ১২টি সিটি করপোরেশনের আরও কয়েক হাজার কেন্দ্রে টিকাদান হবে। স্থানীয় ব্যবস্থাপনায় শিক্ষা কেন্দ্রেও চলবে টিকা প্রদান। তবে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রের সংখ্যা বাড়তে পারে।’
এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ২৪ হাজার ৮০৩ জন শিশুকে। এর মধ্যে অধিকাংশ সুস্থ হলেও মারা গেছে ২১৭ জন শিশু।