শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত
বুধবার বাংলামোটরে রূপায়ন টাওয়ারের গ্রিন লাউঞ্জে শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরি পরিষদের সভায় সংগঠনটির সদস্যরা। ছবি: সংগৃহীত

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৪ জুন) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের গ্রিন লাউঞ্জে এ সভা হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

আয়োজকরা জানান, সভায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন সুদৃঢ় করাসহ ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা গৃহীত হয়। দেশের ভবিষ্যৎ চিকিৎসা খাতসহ শেবাচিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

সভায় মেধাবী ও অসচ্ছল নবীন চিকিৎসকদের জন্য এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা সেল, সমিতির সদস্য ও তাদের পরিবারের জরুরি চিকিৎসায় সহায়তার জন্য একটি বিশেষ সেল গঠন করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়াও বর্তমান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গাইডলাইনের জন্য নিয়মিত সেমিনার আয়োজন করা, সমিতির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সব সাংগঠনিক যোগাযোগ ও কার্যক্রম পরিচালনা করা, সাংগঠনিক সম্প্রসারণ, আঞ্চলিক সমন্বয়ক কমিটি গঠন, বনভোজন, ইফতার মাহফিল ও ‘এসবিএমসি-ডে’ উদযাপন অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, দল-মত নির্বিশেষে সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর মধ্যে পেশাগত ও ভাতৃত্বপূর্ণ বন্ধন দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য। একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়তে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।