হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সময়ে নতুন করে ৮৮৮ শিশুর মধ্যে ভাইরাসজনিত রোগটির উপসর্গ দেখা গেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৪ জনের হাম নিশ্চিত হয়েছিল।
এদিকে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে মোট ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।