হাম: ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫২৮ শিশুর মৃত্যু হলো।
রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৪ শিশু হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২৮ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
হামের উপসর্গে ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং এর উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩ হাজার ৮১৩ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৪ শিশুর, আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।
