logo

অনিয়মিত পিরিয়ডের সমস্যা কমাতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

অনিয়মিত পিরিয়ডের সমস্যা কমাতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
ছবি: মাদারহুড চৈতন্য

কমবেশি অনেক নারীই অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগেন। কখনো নির্ধারিত সময়ের আগে, আবার কখনো দেরিতে পিরিয়ড শুরু হয়। কারও ক্ষেত্রে আবার কয়েক মাস পরপর পিরিয়ড হয়। হরমোনের ভারসাম্যহীনতা, অতিরিক্ত মানসিক চাপ, ওজন বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এমন সমস্যা হতে পারে।

তবে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার অভ্যাস শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও সহায়তা করে। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েক ধরনের খাবার রাখতে পারেন।

Advertisement

সবুজ শাকসবজি

পালংশাক, ব্রকলি ও অন্যান্য সবুজ শাকসবজিতে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান পাওয়া যায়। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে মাসিকের সময় রক্তক্ষরণের কারণে শরীরে আয়রনের ঘাটতি পূরণে শাকসবজি সহায়ক হতে পারে।

বাদাম ও বীজ

কাঠবাদাম, আখরোট, তিসি ও কুমড়ার বীজে স্বাস্থ্যকর চর্বি, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান আছে। এগুলো শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে। পাশাপাশি স্বাস্থ্যকর চর্বি হরমোন তৈরির স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমিকা রাখে।

পূর্ণ শস্যজাতীয় খাবার

লাল চাল, ওটস, আটার রুটি ও অন্যান্য পূর্ণ শস্যজাতীয় খাবারে ফাইবার, ভিটামিন বি ও খনিজ উপাদান থাকে। এসব খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এর পাশাপাশি শরীরের স্বাভাবিক বিপাকীয় কার্যক্রমেও সহায়তা করে।

মাছ ও ডাল

তৈলাক্ত মাছ যেমন সামুদ্রিক মাছ ও সার্ডিনে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। অন্যদিকে ডাল, ছোলা ও মটরশুঁটিতে আছে প্রোটিন, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান। নিয়মিত খাদ্যতালিকায় এসব খাবার রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে।

আদা

আদায় থাকা ‘জিঞ্জেরল’ নামক উপাদান প্রদাহের সমস্যা দূর করে। এটি মাসিকের সময় পেটব্যথা ও অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে। তাই আদা চা খাদ্যতালিকায় রাখতে পারেন। নিয়ম করে আদা চা খেলে ঋতুস্রাবকালীন সময়ের অনেক সমস্যা দূর হতে পারে।

পেঁপে

পেঁপেতে আছে ক্যারোটিন ও বিভিন্ন ভিটামিন। এতে থাকা পুষ্টি উপাদান শরীরের জন্য উপকারী। তবে পেঁপে খেলেই অনিয়মিত মাসিক নিয়মিত হয়ে যায়, এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।

আনারস

আনারসে ব্রোমেলাইন নামের একটি এনজাইম আছে। এটি ঋতুস্রাব নিয়মিত করতে সাহায্য করে। শরীরে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধিতেও সাহায্য করে। এ ছাড়া এতে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায়। এটি সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে খাওয়া যেতে পারে।

হলুদ ও দারুচিনি

হলুদে আছে কারকিউমিন, যার প্রদাহবিরোধী বৈশিষ্ট্য প্রদাহ কমিয়ে মাসিক চক্র স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে দারুচিনিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের জন্য উপকারী পুষ্টি উপাদান সরবরাহ করে।

বেরি ও অন্যান্য ফল

স্ট্রবেরি, ব্লুবেরি, আঙুর ও অন্যান্য ফলে ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। নিয়মিত ফল খাওয়ার অভ্যাস শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে।

গাজর

গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, ফাইবার ও বিভিন্ন ভিটামিন। এসব উপাদান শরীরের হরমোনজনিত কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে।

মেথি ও মৌরি

মেথি ও মৌরি রান্নায় ব্যবহৃত পরিচিত মসলা। এগুলোতে বিভিন্ন পুষ্টি ও উদ্ভিজ্জ উপাদান পাওয়া যায়। মৌরি মাসিকের সময় পেটের খিঁচুনি বা অস্বস্তি কমাতে কিছুটা সহায়তা করতে পারে।

গ্রিন টি

গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। পিরিয়ডের সময় পরিমিত পরিমাণে গ্রিন টি পান করা যেতে পারে।

অ্যাভোকাডো

সাধারণত পিরিয়ড না হলে বা অনিয়মিত হলে পরিমিত পরিমাণে অ্যাভোকাডো খাওয়া যেতে পারে।তবে এটি কোনো ওষুধের বিকল্প না।

তবে দীর্ঘদিন অনিয়মিত মাসিকের সমস্যা থাকলে শুধুমাত্র খাবারের ওপর নির্ভর না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।


যেসব খাবার এড়িয়ে চলবেন

• ফাস্ট ফুড ও ভাজাপোড়া খাবার

• অতিরিক্ত চিনি ও কোল্ড ড্রিংকস

• অতিরিক্ত ক্যাফেইন (চা, কফি)

• অতিরিক্ত লবণ