জন্ম থেকেই দৃষ্টিহীন ব্যক্তিদের শ্রবণশক্তি বেশি তীক্ষ্ণ হয় কেন, গবেষণা কী বলছে

চোখে দেখতে না পেলেও দৃষ্টিহীনদের শ্রবণশক্তি অন্যান্য সাধারণ মানুষের থেকে কিছুটা বেশি হয়ে থাকে। শব্দের মাধ্যমেই চারপাশের পরিবেশ সম্পর্কে অনেক কিছুই তারা বুঝতে পারেন। এমনকি শব্দের সামান্য পার্থক্য শনাক্ত করা বা কোনো বস্তু কোন দিকে যাচ্ছে, তা বোঝার ক্ষেত্রেও তারা অনেক বেশি পারদর্শী হয়ে থাকে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্নায়ুবিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে, দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের তুলনায় অন্ধ ব্যক্তিদের অডিটরি কর্টেক্সে স্নায়বিক ‘টিউনিং’ অনেক বেশি সুনির্দিষ্ট থাকে। এর মাধ্যমে তাদের মস্তিষ্ক শব্দের তথ্য বিশ্লেষণে আরও বেশি সক্ষম হয়ে উঠতে পারে।
মানুষের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে চোখের ওপর নির্ভরতা অনেক বেশি। আমরা সাধারণত কোনো বস্তু চেনা, মানুষের চলাফেরা বোঝা বা আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা পেতে দৃষ্টিশক্তি ব্যবহার করি। কিন্তু যারা জন্ম থেকেই দেখতে পান না, তাদের ক্ষেত্রে শ্রবণশক্তিই পরিবেশ বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দৃষ্টিহীন ব্যক্তিদের মধ্যে শব্দ শনাক্ত করা, শব্দের উৎস কোথায় আছে তা বোঝা ও শব্দের সূক্ষ্ম পার্থক্য বোঝার ক্ষমতা তুলনামূলক বেশি হতে পারে। কেন এমনটা হয় চলুন জেনে নিই।
মস্তিষ্কের বিশেষ পরিবর্তনেই বাড়ে শব্দ বোঝার ক্ষমতা
দৃষ্টিহীন ব্যক্তিদের শ্রবণশক্তি তুলনামূলক তীক্ষ্ণ হওয়ার পেছনে মস্তিষ্কের অভিযোজন বা নিউরোপ্লাস্টিসিটির ভূমিকা আছে। নিউরোপ্লাস্টিসিটি হলো পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মস্তিষ্কের নিজেকে পরিবর্তন ও নতুনভাবে সংগঠিত করার ক্ষমতা।
সাধারণত মস্তিষ্কের অডিটরি কর্টেক্স অংশ শব্দ প্রক্রিয়াকরণের কাজ করে। গবেষণাটিতে দেখা গেছে, যারা ছোটবেলা থেকেই দৃষ্টিশক্তিহীন, তাদের মস্তিষ্কের এই অংশ শব্দের কম্পাঙ্কের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত করতে তুলনামূলক বেশি সক্ষম হয়। ফলে আশপাশের পরিবেশ থেকে পাওয়া শব্দ তারা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন।
শব্দের মাধ্যমে চলন্ত বস্তুর অবস্থান বুঝতে পারেন
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকেরা এ বিষয়ে দুটি গবেষণা প্রকাশ করেন। গবেষণায় কার্যকরী এমআরআই বা এফএমআরআই প্রযুক্তি ব্যবহার করে দৃষ্টিহীন ব্যক্তিদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
গবেষকেরা দেখতে পান, শৈশবে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের মস্তিষ্কের কিছু অংশ শব্দের তথ্য প্রক্রিয়াকরণে নতুনভাবে কাজ করতে পারে।
বিশেষ করে মস্তিষ্কের hMT+ নামের একটি অংশ সাধারণত চলন্ত বস্তু দেখার সময় সক্রিয় হয়। কিন্তু দৃষ্টিহীন ব্যক্তিদের ক্ষেত্রে এই অংশ শব্দের মাধ্যমে চলন্ত বস্তুর গতিবিধি বুঝতেও ভূমিকা রাখতে পারে। এর ফলে কোনো বস্তু কোন দিকে যাচ্ছে, তা শব্দের সাহায্যেই বুঝতে পারে। রাস্তা পার হওয়ার সময় গাড়ির শব্দ শুনে তার অবস্থান ও গতির ধারণা পাওয়ার বিষয়টি এর একটি উদাহরণ।
শব্দের প্রতিধ্বনি ব্যবহার করেও পথ চিনতে পারেন কেউ কেউ
দৃষ্টিহীন ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ইকোলোকেশন নামের একটি কৌশল ব্যবহার করেন। এ পদ্ধতিতে মুখ দিয়ে ক্লিকের মতো ছোট শব্দ তৈরি করে আশপাশের পরিবেশে ছড়িয়ে দেওয়া হয়।
শব্দ কোনো বস্তুতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে এলে সেই প্রতিধ্বনি শুনে বস্তুটির অবস্থান বা দূরত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাদুড়সহ কিছু পাখিও এ ধরনের কৌশল ব্যবহার করে থাকে।
তবে সব দৃষ্টিহীন ব্যক্তি এই পদ্ধতি ব্যবহার করেন না। অনেকে অনুশীলনের মাধ্যমে এই দক্ষতা শেখেন।
ছোটবেলা থেকে দৃষ্টিহীন হলে প্রভাব বেশি দেখা যায় কেন?
গবেষকদের মতে, জীবনের শুরুর দিকে মস্তিষ্কের যখন বিকাশ ঘটে, তখন ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে মস্তিষ্ক নিজেকে সংগঠিত করে। এই সময়ে দৃষ্টিশক্তির মাধ্যমে তথ্য না পেলে মস্তিষ্ক শব্দ, স্পর্শ ও অন্যান্য ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য ব্যবহারে বেশি গুরুত্ব দিতে পারে।
এ কারণে জন্ম থেকে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের মধ্যে শ্রবণশক্তির কিছু বিশেষ দক্ষতা থাকতে পারে। তবে পরবর্তী জীবনে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের ক্ষেত্রেও মস্তিষ্কে পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের ধরন ও মাত্রা সবার ক্ষেত্রে এক না।
তাহলে কি সব দৃষ্টিহীন মানুষের শ্রবণশক্তি বেশি?
সব দৃষ্টিহীন ব্যক্তির শ্রবণশক্তি যে সাধারণ মানুষের চেয়ে বেশি, তা সুনির্দিষ্ট করে বলা যায় না। বরং তাদের কিছু নির্দিষ্ট শ্রবণসংক্রান্ত দক্ষতা উন্নত হতে পারে। তবে একেকজনের ক্ষেত্রে এটি একেক রকম হতে পারে। এ বিষয়ে আরও বড় পরিসরে গবেষণার দরকার আছে।
মানুষের মস্তিষ্ক আসলে অভিযোজনক্ষম। একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য পাওয়ার সুযোগ কমে গেলে মস্তিষ্ক অন্য ইন্দ্রিয় থেকে আরও কার্যকরভাবে তথ্য পাওয়ার চেষ্টা করে। দৃষ্টিহীন ব্যক্তিদের শ্রবণশক্তির বিশেষ দক্ষতার পেছনে এই অভিযোজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিষয়ক প্ল্যাটফর্ম ল্যাবরুটসে ‘People Born Blind Have a Stronger Sense of Hearing’ শিরোনামে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জিসিটিপিতে ‘A study shows why blind people have a better hearing ability’ শিরোনামে প্রকাশিত আর্টিকেলের অনুবাদ ও সম্পাদনা করেছেন সাবিহা তাবাস্সুম শুচি।

