বয়স ৩০ পেরোলেই কমে যায় মা হওয়ার ক্ষমতা, চিকিৎসকরা কী বলছেন

বয়স ৩০ পেরোলেই নাকি সন্তান ধারণের ক্ষমতা কমে যায়, আমাদের সমাজে মেয়েদের বয়স নিয়ে এমন একটি কথা প্রচলিত আছে। এটা কি শুধুই লোকমুখে প্রচলিত কথা, নাকি এর বৈজ্ঞানিক ভিত্তি আছে?
অনেক নারী ৩০ বছর পার হওয়ার পর সন্তান নেওয়া নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তবে চিকিৎসকদের মতে, ৩০ বছর হলেই হঠাৎ করে প্রজননক্ষমতা কমে যায় না। অনেক নারী ৩০-এর পরও স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারেন ও সুস্থ সন্তানের জন্ম দেন। তবে বয়স বাড়ার সঙ্গে প্রজননক্ষমতায় কিছু পরিবর্তন আসে।
ভারতের কেয়ার হসপিটালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রভা আগরওয়াল এ বিষয়ে কয়েকটি প্রচলিত ভুল ধারণা তুলে ধরেছেন।
৩০-এর পর কি স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব না?
এটি একটি ভুল ধারণা। অনেক নারীর ৩০ পেরিয়েও নিয়মিত মাসিক ও স্বাভাবিক ডিম্বস্ফোটন প্রক্রিয়া বজায় থাকে। ফলে স্বাভাবিকভাবেই গর্ভধারণ সম্ভব।
তবে নারীরা জন্মগতভাবেই নির্দিষ্টসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছর পার হওয়ার পর এই পরিবর্তন আরও স্পষ্ট হয়। ফলে গর্ভধারণে কিছুটা বেশি সময় লাগতে পারে।
৩০ বছর হলেই কি প্রজননক্ষমতা কমে যায়?
না। এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়। সাধারণত ৩০-এর শুরুর দিকে গর্ভধারণ ক্ষমতা ভালো থাকে। তবে বয়স ৩৫-এর কাছাকাছি পৌঁছালে প্রজননক্ষমতা কমার গতি বাড়তে পারে। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আগে থেকেই জানা ভালো।
জীবনযাপনের অভ্যাস কি প্রজননক্ষমতায় প্রভাব ফেলে?
বয়স ছাড়াও দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসও প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ধূমপান, অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার, শরীরচর্চার অভাব, পর্যাপ্ত ঘুম না হওয়া ও দীর্ঘদিনের মানসিক চাপ প্রজননস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা, পর্যাপ্ত ঘুমানো আর মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
৩০-এর পর কি বন্ধ্যত্বের চিকিৎসা কাজ করে না?
এ ধারণাটিও ভুল। ৩০ বছরের পরও গর্ভধারণে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া যায়। এর মধ্যে আছে ওভুলেশন ইনডাকশন, ইনট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) এবং ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)।
তবে এসব চিকিৎসার সফলতা নারীর বয়স, ডিম্বাণুর গুণগত মান, পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। পিসিওএস, থাইরয়েডের সমস্যা, এন্ডোমেট্রিওসিস ও জরায়ুর ফাইব্রয়েডের মতো সমস্যাও গর্ভধারণে প্রভাব ফেলে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
চিকিৎসকের মতে, ৩৫ বছরের কম বয়সী নারীরা নিয়মিত চেষ্টা করার পরও ১২ মাসে গর্ভধারণ করতে না পারলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর ৩৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ছয় মাস চেষ্টা করার পরও গর্ভধারণ না হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
তবে এ ক্ষেত্রে শুধু নারীদের পাশাপাশি পুরুষের প্রজননস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।


