ডিউটি ফেলে চিকিৎসকরা চেম্বারে যাচ্ছেন কি না দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালে ডিউটি চলাকালীন কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে তার লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে দায়িত্বকালে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডা. রাজেশ মজুমদারের লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন, সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ অনুসারে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিউটি চলাকালীন বেসরকারি চেম্বারে রোগী দেখার ঘটনা রোধে সারা দেশে গোয়েন্দা নজরদারি ও তদারকি জোরদার করা হয়েছে।