logo

লো ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে যেসব খাবার কার্যকরী

লো ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে যেসব খাবার কার্যকরী
ব্লাড প্রেসার লো হলে যেসব খাবার খাবেন। ছবি: ভি মিলস্

নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার খুবই পরিচিত একটি সমস্যা। উচ্চ রক্তচাপ যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি নিম্ন রক্তচাপও চিন্তার কারণ হতে পারে। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মাথা ঘোরা, দুর্বলতা, ঝাপসা দেখা বা অজ্ঞান হওয়ার মতো সমস্যাও হতে পারে।

রক্তনালীতে রক্ত প্রবাহের গতি স্বাভাবিকের চেয়ে কম হলে নিম্ন রক্তচাপ দেখা দেয়। মানবদেহের স্বাভাবিক রক্তচাপের মান হলো ১২০/৮০। এর মাত্রা ৯০/৬০ এর নিচে চলে গেলে নিম্ন রক্তচাপ ধরা হয়।

Advertisement

শরীরে পানির ঘাটতি, ভিটামিনের অভাবসহ বিভিন্ন কারণে রক্তচাপ কমে যেতে পারে। তবে কিছু খাবার ও পানীয় রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে।

লবণযুক্ত খাবার

লো প্রেসারে লবণযুক্ত খাবার উপকারী হতে পারে। লবণে থাকা সোডিয়াম শরীরে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সোডিয়াম গ্রহণ বাড়লে রক্তচাপও বাড়তে পারে। এ ধরনের খাবারের মধ্যে আছে লবণযুক্ত বাদাম, জলপাই, স্মোকড মাছ, কটেজ চিজ, আচার, লবণযুক্ত টুনা মাছ ও ক্যানজাত স্যুপ। খাবারের সঙ্গে পরিমিত লবণও গ্রহণ করা যেতে পারে।

তবে অতিরিক্ত লবণ খাওয়া উচিত না। বিশেষ করে হৃদরোগ ও কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া লবণ বাড়ানো ঠিক না।

ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার

শরীরে ভিটামিন বি১২-এর অভাব হলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এর ফলে নিম্ন রক্তচাপ, দুর্বলতা ও ক্লান্তির মতো সমস্যা হতে পারে। ভিটামিন বি১২ পাওয়া যায় এমন খাবার হলো-

  • ডিম
  • মাছ, বিশেষ করে স্যামন ও টুনা
  • মুরগির মাংস ও অন্যান্য মাংস
  • দুধ
  • পনির ও অন্যান্য দুগ্ধজাত খাবার
  • ভিটামিন বি১২ সমৃদ্ধ ফোর্টিফায়েড সিরিয়াল
  • ভিটামিন বি১২ সমৃদ্ধ উদ্ভিজ্জ দুধ
  • নিউট্রিশনাল ইস্ট

নিয়মিত এসব খাবার খেলে শরীরে ভিটামিন বি১২-এর চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়।

ফোলেটসমৃদ্ধ খাবার

ফোলেট বা ভিটামিন বি৯ শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবেও রক্তশূন্যতা হতে পারে, যা নিম্ন রক্তচাপের অন্যতম কারণ। ফোলেট পাওয়া যায় এমন খাবার হলো-

  • পালংশাকসহ বিভিন্ন সবুজ শাক
  • ব্রকলি
  • ডাল
  • ছোলা ও অন্যান্য শিমজাতীয় খাবার
  • বিট
  • কমলা ও অন্যান্য সাইট্রাস ফল
  • ডিম
  • বাদাম
  • বিভিন্ন ধরনের বীজ
  • কলিজা

পর্যাপ্ত পানি ও তরল খাবার

শরীরে পানির ঘাটতি হলে রক্তচাপও কমতে পারে। তাই লো প্রেসারের সমস্যা থাকলে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানি ছাড়াও অন্যান্য তরল পানীয় শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে। ডাবের পানি খেতে পারেন। এতে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়ায়। তাই ডাবের পানি খাওয়া ভালো।

চা ও কফি

চা ও কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে। এটি হৃদস্পন্দন ও রক্তনালির কার্যক্রমে প্রভাব ফেলে। তবে এই প্রভাব সবার ক্ষেত্রে এক রকম না। নিয়মিত কফি পান করেন না, এমন ব্যক্তিদের ক্ষেত্রে ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে।

কফি ছাড়াও চা, কোকো, চকলেট এবং কিছু কোমল পানীয় ও এনার্জি ড্রিংকে ক্যাফেইন থাকে।

ডার্ক চকলেট

লো প্রেসারের সমস্যায় ডার্ক চকলেট খেতে পারেন। এটি রক্তচাপ বাড়াতে সাহায্য করে।

তাৎক্ষণিক ব্লাড প্রেসার বাড়াতে পারে যেসব খাবার-

  • খাবার স্যালাইন
  • লবণ, পানি ও চিনির শরবত
  • আঙ্গুরের রস
  • লবণযুক্ত চিপস্, স্যুপ

যেসব খাবার খাওয়া উচিত না

উচ্চ-কার্ব খাবার: বিশেষ করে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খেলে কিছু মানুষের রক্তচাপ কমে যেতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া ও একবারে অনেক খাবার খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো।

অ্যালকোহল: অ্যালকোহল শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে। এতে রক্তের পরিমাণ কমে গিয়ে রক্তচাপ আরও কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে অ্যালকোহল এড়িয়ে চলা ভালো।

উচ্চ প্রক্রিয়াজাত খাবার: এ ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তেলযুক্ত ও ভাজা খাবার: ভাজা-পোড়া খাবার শরীরে রক্ত চলাচল ব্যাহত করতে পারে। এতে শরীর ভারি লাগে এবং প্রেসার আরও নিচে নেমে যেতে পারে।

অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার: মিষ্টি, কোল্ড ড্রিংক, ফাস্ট ফুড এগুলো শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট করে। এছাড়া হঠাৎ ব্লাড সুগার বাড়া-কমার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে।