শীতকালে প্রতিদিন গোসল কি ক্ষতির কারণ হতে পারে, কী বলছেন চিকিৎসকরা

শীতকালে অনেকেরই গোসলের আগ্রহ কমে যায়। কেউ কেউ আবার গরম পানি ছাড়া গোসল করার কথা ভাবতেই পারেন না। কেউ নিয়মিত গোসল করেন, আবার কেউ ঠান্ডার কারণে এক বা দুই দিন বিরতি দেন। অনেকে স্বস্তির জন্য প্রচণ্ড শীতেও প্রতিদিন গোসল করেন।
চাকরিজীবীদের সকালে কাজে যাওয়ার আগে বা বিকেলে বাসায় ফিরে গোসল করতে হয়। কিন্তু শীতের সকালে বা বিকেলের ঠান্ডায় গোসল করা অনেকের জন্যই কষ্টকর। তাই প্রশ্ন ওঠে, শীতকালে প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি? কেউ মনে করেন শীতে প্রতিদিন গোসল করার কোনো প্রয়োজন নেই, আবার কেউ ভাবেন সুস্থ ও পরিচ্ছন্ন থাকতে প্রতিদিনই গোসল করতে হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে প্রতিদিন গোসল করার অভ্যাস ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বোস্টনের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রানেলা হির্শের মতে, প্রতিদিন গোসল করার অভ্যাসের পেছনে পরিচ্ছন্নতার চেয়েও সামাজিক রীতির প্রভাব বেশি। তবে গোসল ছাড়াও শরীরের নির্দিষ্ট অংশ পরিষ্কার রাখার কার্যকর উপায় আছে। বিশেষ করে যারা ব্যায়াম করেন না বা যাদের অতিরিক্ত ঘাম হয় না, তারা প্রতিদিন গোসল না করলেও পারেন।
শীতকালে দীর্ঘ সময় গরম পানিতে গোসল করলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল দূর করে দেয়। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে যায়। এমনকি ত্বক ফেটেও যেতে পারে। তাই গোসলের প্রয়োজন হলে ১০ মিনিটের মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া অতিরিক্ত গোসলের কারণে ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। ত্বকের পিএইচ মাত্রাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে ফেটে গেলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকার কারণে নখের ওপরও প্রভাব পড়তে পারে। এতে নখ দুর্বল হয়ে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
তবে প্রতিদিন গোসল করা নিয়ে ভিন্ন মতও আছে। ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যাভ্যাসের মতো গোসলের রীতিতেও পার্থক্য আছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি প্রতিবেদনেও শরীরের দুর্গন্ধ দূর করতে ও সকালে ঘুমভাব কাটাতে গোসলের উপকারিতার কথা বলা হয়েছে। তবে অতিরিক্ত গোসলের নেতিবাচক প্রভাব সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, শীতকালে গোসল কমিয়ে দুই বা তিন দিন পরপর করা যেতে পারে। তবে কতবার গোসল করবেন, তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা, কাজের ধরন, ঘাম ও পরিবেশের ওপর। নিয়মিত ব্যায়াম করলে ও শরীরে বেশি ঘাম হলে গোসল করা প্রয়োজন।
গোসলের অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে নিজের শরীর ও ত্বকের অবস্থা বিবেচনা করা উচিত। শীতে ঠান্ডা বা গরম পানিতে গোসলের কারণে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।


