logo

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

হাম হঠাৎ বজ্রপাতের মতো এসেছে, আমাদের কোনো প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম শুরু হওয়ার আগেই আমরা হিসাব করে ভ্যাকসিনের জন্য করোনাকালীন সময়ে অব্যবহৃত ৬০৪ কোটি টাকা এডিবির মাধ্যমে ইউনিসেফের কাছ থেকে ইপিআইয়ের জন্য সংগ্রহ করার বিষয়টি এরইমধ্যে ক্যাবিনেট থেকে পাস করে দিয়েছি। আমরা গ্যাভির কাছ থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য হামের টিকা ধার নিয়েছি।

তিনি বলেন, আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।

এ সময় দেশের এই সংকটময় মুহূর্তে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার অনুরোধ জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট তা আমরা অবগত হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, অতি দ্রুত সময়ে আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো। কিন্তু তার আগে দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহযোগিতা চাইছি।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে। সরকারিভাবে এখনও মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে অর্ধশতাধিক শিশু মারা গেছে।