logo

জনগণের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না: ডা. কামরুল

জনগণের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না: ডা. কামরুল

জনগণের শক্তি আলাদা, এর সামনে কেউ দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সিকেডি হাসপাতলের চেয়ারম্যান ডা. কামরুল ইসলাম। তিনি বলেন, আমি সরকারের বর্তমান কার্যক্রমে সন্তুষ্ট। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে হাসপাতাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী এই চিকিৎসকের হাসপাতালে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এসব বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, এই হাসপাতলে তিনবেলা বিনা পয়সার খাবার দেওয়া হয়। আর ২ লাখ ১০ টাকার মধ্যে কিডনি প্রতিস্থাপনের চেষ্টা করি। প্রথমে অভিযুক্ত ব্যক্তি এখানে খাবার সাপ্লাই দিতেন। কিন্তু তিনি দাম অনেক বেশি রাখতেন। প্রতি হাজার ডিমে দেড় টাকা বেশি নিতেন। আবার ৬৬ টাকা কেজির চাল ৭৭ টাকা করে ধরতেন। এতে হাসপাতালের খরচ অনেক বেড়ে যায়। মাঝখানে অনেক দিন বিরক্ত করতো না। পরে কয়েক দিন ধরে আবার বিরক্ত করা শুরু করে। প্রথমে আমি স্থানীয় কয়েকজনকে জানিয়েছিলাম। সে সরাসরি আমার কাছে আসত না, বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবি করত।

ডা. কামরুল বলেন, আমি সরকারের বর্তমান কার্যক্রমে সন্তুষ্ট। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। যুবদলের শীর্ষ নেতারা যারা এসেছিলেন তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ। সংবাদ প্রকাশের পর থেকে আর কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানতে পেরেছি। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।