হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় জিএম কাদেরের ক্ষোভ

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেএ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৫৫ দিনে অর্থাৎ চলতি বছরে (১৫ মার্চ থেকে ১০ মে) নিশ্চিত হামে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। একইসঙ্গে প্রায় ৭ হাজার শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ দেখা গেছে ৪৭ হাজারের বেশি শিশুর মধ্যে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এসব তথ্য দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে তুলে ধরছে। এখনও প্রতিদিন হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
জিএম কাদের বলেন, প্রতিরোধযোগ্য একটি রোগে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়মতো টিকা নিশ্চিত করতে ব্যর্থতা, দায়িত্বে অবহেলা কিংবা সমন্বয়হীনতা— যে কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকুক না কেন, তার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে। শিশুদের টিকা থেকে বঞ্চিত করা অমানবিক অপরাধ।
তিনি আরও বলেন, তাছাড়া বিভিন্ন সুত্রে জানা যাচ্ছে, হাসপাতাল গুলোতে এধরনের রোগের যথাযথ চিকিৎসা অপর্যাপ্ত। শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধির এটাও একটা কারণ। ফলে জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত চিকিৎসার সুবিধাদী বৃদ্ধির ব্যবস্থা অপরিহার্য। সরকারকে সে বিষয়টিতে বিশেষ নজর দিতে হবে।
তিনি শিশু মৃত্যুর এ মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এ ধরনের মানবতাবিরোধী অবহেলা ও অপরাধ ঠেকাতে জনগণকে আরও সচেতন ও সজাগ থাকতে হবে। একইসঙ্গে শিশুস্বাস্থ্য ও গণটিকাদান কর্মসূচিকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রেখে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।