logo

প্রতিদিনের যেসব অভ্যাসে পরিবর্তন আনলে কমতে পারে মানসিক চাপ

প্রতিদিনের যেসব অভ্যাসে পরিবর্তন আনলে কমতে পারে মানসিক চাপ
মানসিক চাপ। ছবি: ডি আর মেডিকেল এন্ড পেইনকেয়ার

একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অথচ নীরব মহামারির নাম মানসিক স্বাস্থ্য সংকট। আপনার পাশের হাসিখুশি থাকা মানুষটিও তীব্র মানসিক চাপে থাকতে পারে। বাইরে থেকে দেখে অনেক সময় বোঝার উপায় থাকে না। দুশ্চিন্তা, ব্যক্তিগত বিষয়, কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে অনেকেই মানসিক চাপে ভোগেন।

দীর্ঘদিন মানসিক চাপে থাকলে তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। চাইলেই মানসিক চাপ দূর করা যায় না। তবে প্রতিদিনের কিছু অভ্যাসে পরিবর্তন আনলে মানসিক চাপ ও উদ্বেগ অনেকটাই কমানো সম্ভব।

Advertisement

ধর্মীয় কাজে মনোনিবেশ করা

যে কথাগুলো কারও সঙ্গে শেয়ার করা যায় না, সেগুলো সৃষ্টিকর্তার কাছে নির্দ্বিধায় বলে ফেলা যায়। নিজের সমস্যার কথা সৃষ্টিকর্তাকে জানালে অনেকটা হালকা লাগে, মনের ভেতর প্রশান্তি অনুভূত হয়। যেসব কারণে মানসিক চাপে আছেন, প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে সেগুলো থেকে মুক্তি চাইতে পারেন।

নিয়মিত ব্যায়াম করুন

হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। সকালের সতেজ বাতাসে হাঁটতে যেতে পারেন বা বিকেলে একটু সময় বের করে সাইকেল চালাতে যান। ছোটোখাটো কিছু ব্যায়ামও করতে পারেন, এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে।

সুষম খাবার খান

খাদ্যাভ্যাসের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে। শাকসবজি, ফল, মাছ, বাদাম, ডাল ও বীজজাতীয় খাবার নিয়মিত খেতে পারেন। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও চিনি কম খাওয়া ভালো। এর পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় কমান

দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে মানসিক চাপ বাড়তে পারে। ঘুমের ওপরও এর প্রভাব পড়ে। তাই অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমান। সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ ও ভয়াবহ এলগরিদমের কারণে প্রচুর সময় নষ্ট হয়। যার ফলে নিজের কাজের প্রতি মনোযোগ কমে যায়। আর মানসিক চাপ বৃদ্ধি পায়।

নিজের যত্ন নিন

নিজের জন্য কিছুটা সময় রাখুন। বই পড়া, হাঁটতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, পছন্দের কাজ করা বা হালকা ব্যায়াম মন ভালো রাখতে সাহায্য করে।

মনের কথা লিখে রাখুন

দিনের চিন্তা, দুশ্চিন্তা ও অনুভূতিগুলো ডায়েরিতে লিখুন। এতে মনের ভেতরের চাপ কিছুটা কমতে পারে, আর এর পাশাপাশি নিজের অনুভূতিগুলো বুঝতে সুবিধা হয়।

অতিরিক্ত চা-কফি পান কমান

চা, কফি ও অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয় বেশি খেলে উদ্বেগ বাড়তে পারে। এতে ঘুমের সমস্যা হতে পারে। তাই এগুলো পরিমিত পান করুন।

প্রিয়জনদের সঙ্গে সময় কাটান

মানসিক চাপ কমানোর উপায় হিসেবে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো খুব কার্যকর হিসেবে বিবেচনা করা হয়। পরিবার, বন্ধু ও কাছের মানুষের সঙ্গে সময় কাটান। মন খারাপ বা দুশ্চিন্তার কথা বিশ্বস্ত কারও সঙ্গে ভাগ করে নিলে মানসিক স্বস্তি পাওয়া যায়।

প্রয়োজন হলে না বলতে শিখুন

সব দায়িত্ব একসঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। যে কাজগুলো আপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি করে, সেগুলো এড়িয়ে চলুন। নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নিন।

কাজ জমিয়ে রাখবেন না

কোনো কাজ দীর্ঘ সময় ফেলে রাখলে দুশ্চিন্তা বাড়তে পারে। তাই কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন এবং গুরুত্ব অনুযায়ী শেষ করার চেষ্টা করুন।

যোগব্যায়াম করুন

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রাচীন একটি উপায় হলো ইয়োগা বা যোগব্যায়াম। যোগব্যায়াম শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে। নিয়মিত যোগব্যায়াম মানসিক চাপ কমাতে ভালো সহায়ক হতে পারে।

মেডিটেশন করুন

প্রতিদিন অল্প সময় মেডিটেশন করতে পারেন। এতে চিন্তা নিয়ন্ত্রণে রাখা যায় এবং মানসিক চাপ সামলানো সহজ হতে পারে।

প্রিয়জনকে আলিঙ্গন করুন

পরিবারের সদস্য বা কাছের মানুষকে আলিঙ্গন করলে মানসিক স্বস্তি পাওয়া যায়। ইতিবাচক শারীরিক স্পর্শ শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণে সাহায্য করতে পারে, যা মানসিক চাপ কমানোর সঙ্গে সম্পর্কিত।

প্রকৃতির কাছাকাছি সময় কাটান

পার্ক, বাগান বা খোলা জায়গায় কিছুক্ষণ হাঁটুন। প্রকৃতির মধ্যে সময় কাটালে মন ভালো হতে পারে। এতে মানসিক চাপ কিছুটা কমতে পারে।

গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন

ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং আস্তে আস্তে ছাড়ুন। নিয়মিত এই অনুশীলন হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে ও শরীরকে শিথিল করতে সাহায্য করতে পারে।

পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান

পোষা প্রাণীর সঙ্গে খেলাধুলা করা, আদর করা বা সময় কাটানো মন ভালো রাখতে সাহায্য করতে পারে। এদের সঙ্গ একাকিত্ব কমাতেও সহায়তা করে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন

দীর্ঘদিনের মানসিক চাপ দৈনন্দিন জীবন ব্যাহত করলে বা একে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়লে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।