প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদ্বিচ্ছায় দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
মধুপুরের পীর হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেমদের প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় মাহফিলে বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।



