জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতি নাঈমুর রহমান নাঈম।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।
গত ১৯ নভেম্বর ও আজ ২১ নভেম্বর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান ও ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। অন্যদিকে, ‘খ’ গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ঢাকার মো. নাছিমুল হক ছাদী ও ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।
জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটি দুটি গ্রুপে আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
বিভাগীয় পর্যায়ের মাধ্যমে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। এতে অংশগ্রহণের জন্য দুই গ্রুপে মোট ২ হাজার ৫৮০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে ১ হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ১৪৫ জন নিবন্ধন করেন। নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিযোগীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত দুই গ্রুপের ৪৮ জন বিজয়ী প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ইসলামি স্কলাররা এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করে প্রতিযোগীদের তাফসিরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেন।







