logo

ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা

ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
ইসলামিক ফাউন্ডেশনের লোগো। ছবি: উইকিপিডিয়া

দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা থেকে সাধবান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বুধবার (১৮ নভেম্বর) সংস্থার জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

Advertisement

এতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা বা খরচের টাকা দাবি করছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানাচ্ছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে ফাউন্ডেশনের সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো অর্থ লেনদেনের নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়নি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। টেলিফোনে কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে টাকা দাবি করলে কোনো অবস্থাতেই বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ প্রদান করবেন না। পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি প্রদান থেকে বিরত থাকুন।

কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়ে বিষয়টি জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়টি অবহিত করার আহ্বান জানাচ্ছে।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট