logo

ইমান ঠিক রাখতে কওমি মাদ্রাসার প্রতি যত্নবান হতে হবে: ধর্মমন্ত্রী

ইমান ঠিক রাখতে কওমি মাদ্রাসার প্রতি যত্নবান হতে হবে: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। ছবি: মিডিয়া সেল সৌজন্যে

কওমি মাদ্রাসাগুলো মুসলমানদের মূল ভিত্তি জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, এই মাদ্রাসাগুলো দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ইমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।

Advertisement

খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ইমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেছেন, যারা রাসুলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়। আল্লাহর হুকুম ও রাসুলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।

ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসুল পাঠিয়েছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেমদের জন্য যা করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করব। আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছি এবং থাকব।

আলেমদের যে কোনো প্রয়োজনে তাকে ফোন করার আহ্বান জানান তিনি।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সরকারি সহায়তা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৫০০-এ উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ধর্মমন্ত্রী উপস্থিত আলেম-ওলামা, হেফাজতে ইসলামের আমির, মহাসচিব এবং পীর-মাশায়েখদের কাছে দোয়া চান। একই সঙ্গে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট