নামাজে সানার উচ্চারণ ও অর্থ

প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ফরজ নামাজ ছাড়াও সুন্নত ও নফল নামাজ রয়েছে। নামাজে ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো সানা পড়া। এটা পুরো নামাজে একবারই পড়তে হয়, একাধিকবার পড়ার নিয়ম নেই। এটি পড়া ফরজ বা ওয়াজিব নয়। কোনো কারণে না পড়তে পারলে অসুবিধে নেই।
কেউ একা পড়ুক বা জামাতে নামাজ পড়ুক—উভয় অবস্থায় সানা পড়া সুন্নত। ইমাম আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে সানা পড়া যেতে পারে, এতে কোনো অসুবিধে নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শোনা ফরজ বিধায়, তখন সানা পড়া নিষেধ।
আবু সাইদ খুদরি (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) নামাজ শুরু করে (তাকবিরে তাহরিমার পর) বলতেন—
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বি হামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম বরকতপূর্ণ, আপনার মাহাত্ম এবং আপনি ছাড়া কোনো উপাসক নেই। (সহিহ বুখারি, হাদিস: ৮০৪)


