গালি দেওয়া সম্পর্কে মহানবীর (সা.) সতর্কবার্তা

গালি-গালাজ নিন্দনীয় কাজ। গালি মানুষকে ঝগড়ার দিকে নিয়ে যায়। ফ্যাতনা-ফাসাদ তৈরি করে। গালিদাতার হিসাবের খাতায় গুনাহ লেখা হয়। হজরত মুহাম্মদ (সা.) গোটা জীবনে কাউকে গালি দেননি। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুই ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয়, তখন তাদের উভয়ের গুনাহ তার ওপরই বর্তাবে, যে প্রথমে শুরু করে; যতক্ষণ না অত্যাচারিত সীমালঙ্ঘন করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৪৮৫)
মুসলিমকে গালি দেওয়া ফাসিকি
মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর প্রিয় বান্দা। মুসলমানের জন্য পৃথিবীকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে গেঁথে দিয়েছেন। মুহাম্মদ (সা.) তাদের সম্পর্কে বলেন, মুসলমান এক দেহের মতো, মুসলমান পরস্পরে আয়নার মতো। মুসলমানদের এ বাঁধন পবিত্রতায় নির্মিত।
মুসলমানকে গালি দেওয়া গুনাহ। গালিদাতা ফাসেক। গালি ব্যক্তি, পরিবার, সমাজে অশ্লীলতা ছড়ায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৮)
মৃত ব্যক্তিকে গালি দেওয়া
মৃত ব্যক্তির প্রতি স্বাভাবিকভাবে মানুষের সহমর্মিতা জন্ম নেয়। তার অন্যায়-অপরাধ, ভুলগুলো মানুষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। তার জন্য কল্যাণের প্রার্থনা করে। সদকা জারিয়ার সওয়াব ছাড়া তার অন্য সব বন্ধ হয়ে যায়। কাজেই তার জন্য সওয়াব পাঠানো দরকার। তার সমালোচনা, দোষত্রুটি আলোচনা না করা কর্তব্য। তাকে গালমন্দ করা অশুভনীয় কাজ। আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কোনো সঙ্গী মারা গেলে তাকে ছেড়ে দাও এবং তার সম্পর্কে কটুক্তি করো না।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৯৯)
সময়কে গালি দেওয়া
সময়কে ধারণ না করতে পারলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জীবনে নানা অসুবিধায় পড়ে। বিপদ-আপদের সম্মুখীন হয়। সর্বোপরি জীবনে বিপর্যয় নেমে আসে। মানুষ তখন দিশেহারা হয়ে সময়কে গালি দেয়। সময়ের নিন্দা করে। সময়ের ওপর দোষ চাপায়। আল্লাহ তাআলা সময়কে গালি দিতে ও মন্দ বলতে নিষেধ করেছেন। সময় আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। তিনিই রাত দিনের পরিবর্তন ঘটান। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বলেন, মানুষ কালকে গালি দেয়, অথচ আমিই কাল (এর নিয়ন্ত্রণের মালিক)। একমাত্র আমারই হাতে রাত ও দিনের পরিবর্তন ঘটে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৮১)
