logo

বই খোলা রাখলে কি শয়তান পড়ে, যা বলে ইসলাম

বই খোলা রাখলে কি শয়তান পড়ে, যা বলে ইসলাম
ছবি: সংগৃহীত

বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে—সমাজে এমন একটা কথা প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন, পড়া ছাড়া এমনিতে বই খোলা রাখা ঠিক নয়। এতে গুনাহ হয়। প্রশ্ন হলো, বই খোলা রাখলে শয়তান পড়ে কি না? গুনাহ হবে কি না?

ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম যে ওহি বা প্রত্যাদেশ নাজিল হয় তা হচ্ছে, ‘পড়ো তোমার প্রতিপালকের নামে, ‍যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে।’ (সুরা আলাক, আয়াত: ১-২)

শিক্ষাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে, শিক্ষা মৌলিকভাবে দুই প্রকার—জাগতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষা। মানুষের জাগতিক প্রয়োজন পূরণের উপযোগী জ্ঞান ‍ও বিদ্যা হচ্ছে জাগতিক শিক্ষা। যেমন- বিজ্ঞান, চিকিৎসা, গণিত ইত্যাদি। এই শিক্ষার মূল সূত্র অভিজ্ঞতা। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি-অসন্তুষ্টির জ্ঞান হচ্ছে দ্বীনি শিক্ষা। এই শিক্ষার মূল সূত্র ওহী।

বই খোলা রাখলে শয়তান পড়ে—এটি ভুল ধারণা। বই খোলা রাখলে গুনাহ হবে এই রকমের কোনো কথা ইসলামে নেই। হাদিসের কোথাও এমন বক্তব্য আসেনি। প্রতিটি জিনিসের আদব আছে। বই পড়া শেষে বন্ধ রাখা আদবের ব্যাপার।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘দ্বীন ইসলামে সংক্রামক ব্যাধি, কুলক্ষণ বা দুর্ভাগ্য, কথার কুলক্ষণ বলতে কিছু নেই।’ (সহিহ বুখারি)

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের দেশে মানুষকে কিছু ভুল কাজ থেকে বিরত রাখার জন্য কিছু কুসংষ্কার তৈরি করে রাখা হয়েছে। অনেকে মনে করতেন, এসব কুসংস্কার কথা বলেও যদি ভালো কাজ করানো যায়, তবুও ভালো। বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে এমন কোনো কথা নেই। এটা ভুল বিশ্বাস। মিথ্যা বা ভুল কথা বলে কারও কাছ থেকে ভালো কিছু আদায় করা উচিত নয়।’