Advertisement

ওমরাহ ভিসায় সৌদি প্রবেশে বিধিনিষেধ, মানতে হবে নতুন শর্ত

গালফ নিউজ
ওমরাহ ভিসায় সৌদি প্রবেশে বিধিনিষেধ, মানতে হবে নতুন শর্ত
ছবি: সংগৃহীত

এক বছরের জন্য একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকলেও মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীরা চাইলেই প্রতিবার দেশটিতে ঢুকতে পারবেন না। প্রতিটি সফরের আগে অনুমোদিত ওমরাহ সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

Advertisement

রোববার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপ থেকে নিতে হবে ওমরাহ পারমিট।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।

মন্ত্রণালয় বলেছে, প্রতিটি সফরের জন্য কেনা সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না। একই সঙ্গে ওমরাহ পারমিটে নির্ধারিত তারিখ সার্ভিস প্যাকেজে উল্লেখিত তারিখের সঙ্গে মিল থাকতে হবে।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও নুসুকের মাধ্যমে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে প্রবেশের আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।

সৌদিতে পৌঁছানোর পর ভ্রমণকারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ৯০ দিনের অনুমোদিত অবস্থানের মধ্যে একজন ভিসাধারী কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব রাখা হবে।

মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি আরও সহজ ও সুশৃঙ্খল করতেই নতুন ব্যবস্থার চালু করা হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।