ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড, কর্মকর্তাদের নাম-পদবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে একটি চক্র। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়ে সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৫ আগস্ট) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত কিংবা অন্যান্য নামে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানাচ্ছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি বা প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যক্তিগত ব্যাংক হিসাব, বিকাশ, নগদ কিংবা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই।
ফাউন্ডেশন জানায়, প্রতারক চক্রটি কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর কিংবা প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে চিঠি, নিয়োগপত্র ও অনুদানের ভুয়া তালিকা তৈরি করছে। এর মাধ্যমে দেশের আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
নিয়োগের ক্ষেত্রে করণীয়
ফাউন্ডেশনে নিয়োগসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো ব্যক্তি ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কিংবা মেসেজ পাঠিয়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বিশেষ সতর্কতা
ফাউন্ডেশনের নামে কোনো ব্যক্তি যদি ফোন, মেসেজ বা সরাসরি যোগাযোগ করে সরকারি সম্মানী, অনুদান, অর্থ সহায়তা, তালিকাভুক্তি কিংবা অন্য কোনো সুবিধা দেওয়ার কথা বলে আগাম অর্থ, রেজিস্ট্রেশন ফি বা ব্যক্তিগত আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করতে হবে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। বিশেষ করে কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত অনলাইন গ্রুপে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের গোপন নম্বর, ওটিপি, পাসওয়ার্ড কিংবা অন্যান্য গোপনীয় তথ্য প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।
ভুয়া বিজ্ঞপ্তি প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতারণার শিকার ব্যক্তি বা এ ধরনের কোনো বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট তথ্য, স্ক্রিনশট, ফোন নম্বর, লেনদেনের তথ্য ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ, অর্থ সহায়তা বা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন। একই সঙ্গে কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দিতে নিষেধ করেছে। প্রয়োজনে ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
ফাউন্ডেশন মনে করে, সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে ফাউন্ডেশনের নাম ব্যবহার করে পরিচালিত এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।




