হারানো জিনিস ফিরে পেতে যে দোয়া পড়বেন

প্রয়োজনীয় জিনিস হারিয়ে আমরা প্রায় সবাই একবারে মুষড়ে পড়ি। বিচলিত হয়ে যাই। নানাবিধ দুশ্চিন্তা ভর করে জীবনে। এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম কাজ হলো আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৫)
যে কোনো বিপদ বা পেরেশানিতে আল্লাহর কাছে সাহায্য চাইতেন হজরত মুহাম্মদ (সা.)। বিপদ-আপদে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। দোয়া করতেন।
কোনো কিছু হারিয়ে গেল করণীয় সম্পর্কে সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে একটি বর্ণনা পাওয়া যায়। তিনি বলতেন, কারও কোনো কিছু হারিয়ে গেলে সে যেন উত্তমরূপে অজু করার পর দুই রাকাত (নফল) নামাজ আদায় করে এবং তাশাহুদ (আত্তাহিইয়াতু) পড়ার পর এই দোয়াটি পড়ে-
يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ارْدُدْ عَلَيَّ ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ
উচ্চারণ: ইয়া হাদিয়াজ জাল্লি, ওয়া রাদ্দাজ জাল্লাতির দুদ আলাইয়া জাল্লাতি, বি ইজ্জাতিকা ওয়া সুলতানিকা, ফা ইন্নাহা মিন আতা য়িকা ওয়া ফাজলিকা।
অর্থ: হে পথহারাদের পথপ্রদর্শক, হে হারানো বস্তু ফিরিয়ে দানকারী, আপনার সম্মান ও ক্ষমতার উসিলায় আমি প্রার্থনা করছি, আপনি আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। নিশ্চিয়ই এটি আপনার দান ও অনুগ্রহ।
হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য আরেকটি দোয়া করা যায়, সেটি হলো-
اِنَّا لِلّٰهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ. اَللّٰهُمَّ أْجُرْنِيْ فِـيْ مُصِيْبَتِيْ وَاَخْلِفْ لِيْ خَيْرًا مِّنْهَا
উচ্চারণ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খইরম মিনহা।
অর্থ: নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলারই জন্য এবং আল্লাহ তাআলারই দিকে ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার মুসিবতের ওপর সওয়াব দান করুন, আর যে জিনিস আপনি আমার কাছ থেকে নিয়ে গেছেন, তা থেকে উত্তম জিনিস আমাকে দান করুন।
