সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার বিস্তারিত তথ্য ও নিয়মাবলি

সম্পূর্ণ বিনা খরচে (শূন্য অভিবাসন ব্যয়) মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির খ্যাতনামা ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ কোম্পানির ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশ: মালয়েশিয়া
প্রতিষ্ঠানের নাম: ডিএইচএল সাপ্লাই চেইন
পদসংখ্যা: ১১২ জন
পদের নাম: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার
মাসিক বেতন: ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিংগিত
পদের নাম
১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। ভোকেশনাল বা উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ভাষা ও কম্পিউটার দক্ষতা: ইংরেজিতে লেখা, পড়া ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার ও গাণিতিক দক্ষতা বাধ্যতামূলক।
অন্যান্য দক্ষতা: কাজের দায়িত্ব তত্ত্বাবধান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। মাল্টিটাস্কিং এবং ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: ফর্কলিফ্ট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় পারদর্শীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
দক্ষতা ও অভিজ্ঞতা: ওয়্যারহাউজের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং ও আইটি ইকুইপমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পড়ে বোঝার মতো ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক।
চাকরির শর্তাবলি
- প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।
- শিক্ষানবিশ বা মূল চাকরির চুক্তির মেয়াদ ৩ বছর (যা নবায়নযোগ্য)।
- মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুবিধা থাকবে।
- কোম্পানির খরচে থাকা, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।
- পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও দেশ-বিদেশের কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অনলাইন আবেদন পদ্ধতি ও নিয়ম
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে। ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া
একজন প্রার্থী শুধু একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। বোয়েসেল ডটকম সূত্রে জানা গেছে, আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে বাছাই করা হবে। লটারির তালিকা বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তীতে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি-কর্তৃক টেকনিক্যাল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করা হবে।
সাক্ষাৎকারের সময় সঙ্গে যা আনতে হবে
- ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
- মূল পাসপোর্টসহ (একাধিক থাকলে সবগুলো) এক সেট রঙিন ফটোকপি।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র।
- হালনাগাদ জীবনবৃত্তান্ত।
কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির ওপর নির্ভরশীল। এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীকে কোনো পর্যায়েই টাকা দিতে হবে না। কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বোয়েসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


