দক্ষ কর্মী নিচ্ছে কানাডা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

শ্রমবাজারে কর্মীর চাহিদা পূরণে বিদেশি দক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে কানাডা। আবাসন, নির্মাণ, অবকাঠামো উন্নয়ন বিশেষ করে কাঠমিস্ত্রি, প্লাম্বার ও মেশিনিস্টের মতো কারিগরি পেশায় অভিজ্ঞ কর্মীদের গুরুত্ব দিচ্ছে দেশটি। বাংলাদেশিরাও নির্দিষ্ট অভিবাসন কর্মসূচির আওতায় স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্য আবেদন করতে পারবেন।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) এক্স পোস্টে জানিয়েছে, কানাডায় দক্ষ কারিগরদের যেমন কাঠমিস্ত্রি, প্লাম্বার এবং মেশিন অপারেটরের চাহিদা রয়েছে। দেশটির শ্রমশক্তিকে শক্তিশালী করা এবং দেশজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলার কাজে সহায়তা করবেন।
আরও বলা হয়, যদি কাঙ্ক্ষিত দক্ষ পেশাগুলোর কোনোটিতে প্রশিক্ষণ, প্রয়োজনীয় সনদ এবং কাজের অভিজ্ঞতা থাকে, তবে কানাডায় আসার বিভিন্ন অভিবাসন পথ সম্পর্কে জানুন এবং কানাডায় আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন।
শুধু কাঠমিস্ত্রি, প্লাম্বার ও মেশিন অপারেটরই নয়, ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার কারিগরি পেশাভিত্তিক তালিকায় মোট ২৫টি পেশা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, গ্যাস ফিটার, ইটের কাজের কারিগর, ক্যাবিনেট নির্মাতা, ভারী যন্ত্রপাতির মেকানিক, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কারিগর, ছাদ নির্মাণকর্মী ও মাংস প্রক্রিয়াজাতকরণ কর্মীদের সুযোগ রয়েছে।
এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনের সুযোগ
কানাডার ভিসা ও স্থায়ী বসবাসের অন্যতম একটি পথ হলো এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম। এ ক্ষেত্রে গত তিন বছরের মধ্যে তালিকাভুক্ত কোনো একটি পেশায় অন্তত এক বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য।
এই কাজের অভিজ্ঞতা কানাডা অথবা অন্য কোনো দেশে অর্জিত হতে পারে। তবে শুধু কাজের অভিজ্ঞতা থাকলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। আবেদনকারীকে ফেডারেল স্কিলড ওয়ার্কার, ফেডারেল স্কিলড ট্রেডস অথবা কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের অন্তত একটি কর্মসূচির প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হবে।
এর জন্য রয়েছে কমপ্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম (সিআরএস) স্কোর। এর ভিত্তিতে আবেদনকারীকে মূল্যায়ন করে দেশটির ফেডারেল সরকার। যোগ্যতা ও নির্বাচনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত প্রার্থীদের স্থায়ী বসবাসের আবেদন করার আমন্ত্রণ জানানো হয়। যাকে বলা হয় ইনভাইটেশন টু অ্যাপ্লাই (আইটিএ) বা আবেদনের আমন্ত্রণপত্র।
ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম
কারিগরি পেশায় অভিজ্ঞ বিদেশি কর্মীদের জন্য আরেকটি সুযোগ রয়েছে ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামে (এফএসটিপি)।
এ কর্মসূচিতে আবেদনের জন্য গত পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট কারিগরি পেশায় অন্তত দুই বছরের পূর্ণকালীন বা সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
পাশাপাশি কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে কমপক্ষে এক বছরের পূর্ণকালীন চাকরির প্রস্তাব থাকতে হবে। বিকল্প হিসেবে কানাডার প্রাদেশিক, আঞ্চলিক বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দেওয়া সংশ্লিষ্ট পেশার যোগ্যতার সনদও গ্রহণযোগ্য হতে পারে।
এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষার অনুমোদিত পরীক্ষায় নির্ধারিত মান অর্জনসহ অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
সাস্কাচুয়ান প্রোগ্রাম
কানাডার জনপ্রিয় আরেকটি প্রোগ্রাম হলো সাস্কাচুয়ান প্রোগ্রাম। মূলত কানাডার সাস্কাচুয়ান প্রদেশের ইমিগ্রেশন প্রোগ্রাম স্কাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম (এসআইএনপি)-কে বোঝায়। এটি কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের (পিএনপি) একটি অংশ, যার মাধ্যমে সাস্কাচুয়ান প্রদেশ সরকার তাদের স্থানীয় শ্রমবাজার ও অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের কানাডায় স্থায়ী বসবাসের বা পিআরের জন্য মনোনীত করে।
সরাসরি এক্সপ্রেস এন্ট্রিতে যাদের সিআরএস স্কোর কম থাকে, তাদের জন্য এটি কানাডার পিআর পাওয়ার অন্যতম জনপ্রিয় একটি পথ। কারণ, এই প্রোগ্রাম থেকে মনোনয়ন (প্রভিন্সিয়াল নমিনেশন) পেলে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হয়, যা পরবর্তী ড্র-তেই আইটিএ পাওয়া প্রায় নিশ্চিত করে দেয়।
এই প্রোগ্রামে কানাডার বাইরে বসবাসরত দক্ষ পেশাজীবী, যাদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সাস্কাচুয়ানের চাহিদার সঙ্গে মিলে যায়, তারা আবেদনের সুযোগ পান।
বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রথমে নিজেদের পেশার ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন (এনওসি) কোড যাচাই করতে হবে। এরপর সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং শিক্ষাগত সনদের শর্ত সম্পর্কে জানতে হবে।
এ ক্ষেত্রে বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট (ইসিএ) করাতে হতে পারে।
সব শর্ত পূরণ হলে কানাডার অভিবাসন বিভাগের সরকারি ওয়েবসাইটে অনলাইনে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল জমা দেওয়ার পর নির্বাচিত হলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ পাওয়া যাবে। আমন্ত্রণ পাওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়।
উল্লেখ্য, কানাডায় কারিগরি পেশায় অভিজ্ঞতা থাকলেই সরাসরি চাকরি কিংবা স্থায়ী বসবাস নিশ্চিত হয় না। দেশটির বিভিন্ন প্রদেশে কিছু পেশার ক্ষেত্রে আলাদা লাইসেন্স, দক্ষতা যাচাই এবং পেশাগত সনদের প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের (এআইপি) মতো বিকল্প অভিবাসন ব্যবস্থাও রয়েছে।






