logo
Advertisement

সৌদিতে বাংলাদেশি ১০০ টেক্সিচালক নিয়োগ, সাক্ষাৎকারে বাছাই

এশিয়া পোস্ট ডেস্ক
সৌদিতে বাংলাদেশি ১০০ টেক্সিচালক নিয়োগ, সাক্ষাৎকারে বাছাই
সরকারিভাবে সৌদি আরবে টেক্সিচালক নিয়োগ। ছবি : সংগৃহীত

সরকারিভাবে সৌদি আরবের TAXI QAID COMPANY (টেক্সি কাইড কোম্পানি)-তে দক্ষ পুরুষ ট্যাক্সিচালক পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সরাসরি সাক্ষাৎকারসহ প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ ও ২২ আগস্ট সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) একমাত্র সরকারি এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এসব তথ্য জানায়।

পদ ও বেতন

ট্যাক্সি ড্রাইভার (Taxi Driver) পদে ১০০ জন দক্ষ পুরুষ কর্মীকে বাছাই করা হবে। এই পদে মাসিক মূল বেতন দেওয়া হবে ৩০০+৮০০ সৌদি রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার টাকার বেশি।

সাক্ষাৎকার স্থান

আগ্রহী প্রার্থীদের আগামী ২১ ও ২২ আগস্ট ২০২৬ তারিখ, শুক্র ও শনিবার, সকাল ৯টার মধ্যে সাক্ষাৎকারসহ প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর ১-এ উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

চাকরির শর্তাবলি

১. চাকরির চুক্তি ২ বছর।

২. কর্মস্থল মক্কা

৩. দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন।

৪. শিক্ষানবিশকাল ৬ মাস।

৫. ২ বছর পর যাওয়া-আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে।

৬. ২ বছরে ৪২ দিনের বেতনসহ ছুটি।

৭. নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে।

৮. ওভারটাইম সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।

৯. অভিজ্ঞতা ২ বছর।

১০. বয়স ২০ থেকে ৩৯ বছর।

সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে

১. ১২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা),

২. মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে, মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে,

৩. ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

৪. ভোটার আইডির (মূল কপি ও ১ সেট ফটোকপি) কপিসহ উল্লিখিত কাগজপত্র সঙ্গে থাকতে হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ

নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি, মেডিকেল টেস্ট ফি, ভিসা ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ সাকুল্যে ১ লাখ ৬৫ হাজার টাকা এবং চূড়ান্ত নিৰ্বাচিত প্রার্থীকে জামানত বাবদ ১ লাখ টাকার পে-অর্ডার “বোয়েসেল, ঢাকা” নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বোয়েসেলে মূল কপি জমা দিতে হবে। দুই বছর কর্মকাল সুষ্ঠুভাবে সম্পন্নের পর জামানতের টাকা ফেরত দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের আগে কোনো কর্মী কোম্পানি থেকে পলায়ন করলে তার জামানত বাজেয়াপ্ত করা হবে। জামানতের টাকা, দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকা পে-অর্ডারের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে।

জরুরি নির্দেশনা

বোয়েসেল জানায়, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে আবশ্যিকভাবে সাক্ষাৎকার এবং ব্যবহারিক পরীক্ষায় (Practical Test) উত্তীর্ণ হতে হবে। কর্মী নির্বাচনের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এটি কোনোভাবেই চাকরির নিশ্চয়তা প্রদান করে না। এ বিষয়ে নগদ লেনদেন থেকে বিরত থাকুন। প্রতারণা থেকে সাবধান থাকুন।