৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সম্প্রতি পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা কেন্দ্রের ২৫টি হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুই ঘণ্টার এই পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার হলে প্রবেশ করতে হবে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে।
পরীক্ষার হলে মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ ও গয়না নেওয়া নিষিদ্ধ। এ ছাড়া ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কোনো ডিভাইসও সঙ্গে রাখা যাবে না।
নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার দিন হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে। পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য নিষিদ্ধ ইলেকট্রনিক সামগ্রীর উপস্থিতি পরীক্ষা করা হবে। এসব প্রক্রিয়া শেষে পরীক্ষার্থীদের হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে সতর্ক করে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠাবে কমিশন। ওই বার্তার নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। তবে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগে থেকেই কমিশনের অনুমোদন নিতে হবে।
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে। ভবিষ্যতে পিএসসি আয়োজিত সব নিয়োগ পরীক্ষায়ও তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারার অধীনে কোনো অপরাধ করলে বা অপরাধ সংঘটনে সহায়তা করলে সংশ্লিষ্ট ধারায় নির্ধারিত দণ্ডের মুখোমুখি হতে হবে।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর পরীক্ষার হলের সব প্রবেশপথ ও ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।


