logo

কওমি জননী উপাধি দেওয়া সেই খতিব ৫ দিনের রিমান্ডে

কওমি জননী উপাধি দেওয়া সেই খতিব ৫ দিনের রিমান্ডে
আদালত থেকে মুফতি রুহুল আমিনকে বের করার সময়। ছবি: পুলিশ সূত্রে পাওয়া

রাজধানীর পল্টন থানার হত্যাচেষ্টা, চুরির মামলায় গ্রেপ্তার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে (৬০) পাঁচ দিনের রিমান্ডে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পল্টন মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে হাজির করা হয়। মামলাটি তদন্তকারী সংস্থা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই পাঁচ দিনের রিমান্ড আবেদন দাখিল করেন।

রিমান্ড আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কি না তা খতিয়ে দেখা, অপরাধ সংগঠনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না তা তদন্ত করা, সংঘর্ষের ঘটনায় নেতৃত্বদানকারী ও অন্যান্য আসামির পরিচয় উদ্‌ঘাটনসহ ঘটনার পেছনের পরিকল্পনা অনুসন্ধান এবং আহতদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এদিন আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামির রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর সাবেক বিচারপতিও পালিয়ে গেছে। একই সঙ্গে এই খতিবও পালিয়ে যায় বলে দেশবাসী দেখেছে। সেসময় তার পরিবর্তে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দায়িত্ব দেওয়া হয়েছিল আবু সালেহ পাটোয়ারিকে। ঘটনার দিন তিনি খুতবা পাঠ করার সময়, এই রুহুল আমিন ওলামা লীগের কিছু লোক নিয়ে জুমা পড়ানোর জন্য সেখানে যায়। বয়ান করা অবস্থায় টেনে হিচরে মাইক কেড়ে নেয় রুহুল আমিনের লোকজন। এসময় মিম্বারে বসে খুতবা পাঠ করা অবস্থায় রুহুল আমিনের নির্দেশে এই মামলার বাদীকে সেখানে মারধর করে। বাদী জিয়াউর রহমান (তিনিও আলেম) সেখানে মুসল্লী ছিলেন। আসামিরা তাদের পাঞ্জাবি আলখাল্লার ভেতরে রড নিয়ে গিয়ে তারা সেখানে বাদীকে ব্যপক মারধর করে। মারাত্মকভাবে আহত হয়ে চোখে আঘাতপ্রাপ্ত হন তিনি। এ ছাড়াও মসজিদ ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে। রুহুল আমিন এতদিন পলাতক ছিলেন, কিন্তু ইদানীং ফ্যাসিস্টদের আস্ফালন বেড়েছে এজন্য সেসবে ইন্ধন দিচ্ছেন। তিনি এই পরিস্থিতিতে ওলামা লীগ দিয়ে ফ্যাসিস্টকে সহায়তা করার জন্য কিছু একটা করার চেষ্টা করছেন। এসব বিষয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি জাতীয় মসজিদের সম্মান নষ্ট করেছেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী নাসিরুল হুদাসহ কয়েকজন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তারা রাষ্ট্র পক্ষের সব অভিযোগ অস্বীকার করে শুনানিতে বলেন, তিনি এতদিন পলাতক ছিলেন না এবং পিপি সাহেব যেসব অভিযোগ দিয়েছেন সেসব সত্যি না। তখন ছুটিতে ছিলেন, হার্টের রোগী তিনি। তিনি সেদিন বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে না পেরে চলে যান। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে। তিনি নিজে আসেন নাই। মামলায় যেসব ধারা দেওয়া হয়েছে সেগুলো এ আসামির সাথে যায় না। তিনি অনেক বড় আলেম এবং তার পিতা উপমহাদেশের বিখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরীর ছেলে। এই ঘটনা প্রায় তিন বছর আগের। এতদিন তাকে কিছু বলা হয়নি। এ মামলায় যেসব অভিযোগ সেখানে তিনি জামিনের হকদার। তার পক্ষে আরেক আইনজীবী বলেন,উনি সর্বদা জামাতের বিরুদ্ধে সরব এজন্য কিছু মানুষ তার পেছনে লেগেছে।

এসবের জবাবে পিপি জবাবে বলেন, অনেকেই এ মামলায় জামিন নিয়েছে কিন্তু সে এতদিন জামিন নিতে আদালতে আসেনি। এজন্য ওয়ারেন্টভুক্ত আসামি আদালতে না আসলে তাকে পলাতক হিসেবেই ধরা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য প্রবাস ফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান বায়তুল মোকাররম মসজিদে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় গ্রেপ্তারকৃত আসামি মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিলে আসামি রুহুল আমিনের নির্দেশে ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তিনি চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হন এবং ডান চোখে দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিদের পিটুনিতে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় ১ নং আসামি করা হয় রুহুল আমিনকে।