৭০ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে উপবৃত্তি, পাবেন যারা

সারা দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়, তারা যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে। এর উদ্দেশ্য হলো, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয় এবং তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। কারণ, শিক্ষিত হয়ে একজন মানুষ যেমন নিজের ও পরিবারের উপকার করেন, তেমনি সামগ্রিকভাবে দেশের মানুষেরও উপকার হয়।
তিনি বলেন, দেশের গ্রামগঞ্জে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতিবছরের শুরুতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। একইভাবে বইয়ের সঙ্গে তাদের জন্য নতুন স্কুল ড্রেসও পৌঁছে দিতে চায় সরকার। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানরাই সরকারের পক্ষ থেকে এই নতুন পোশাক পাবে।
সরকারপ্রধান বলেন, শুধু স্কুল ড্রেস নয়, ছেলে ও মেয়ে মিলিয়ে দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। স্কুল শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের উদ্ভাবনী কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের অনুরোধে সেলফিও তোলেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
এ ছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান ‘স্পারসো’তে কাজ চলমান রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।






