জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক আজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হবে। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।
যুক্তিতর্ক উপস্থাপনকালে জিয়াউলকে নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজির করার কথা রয়েছে। এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। আজ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর।
এদিকে আগামী ২৬ নভেম্বর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সমাপনী যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে প্রসিকিউশনের ধাপ শেষ হবে বলে জানা যায়। পরে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটির রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জিয়াউলকে ‘মনস্টার’ আখ্যা দিয়ে জানান, শেখ হাসিনা ও তারিক সিদ্দিকির প্রশ্রয়ে তিনি ‘গলফ’ অপারেশনের নামে দেড় থেকে দুইশ’ মানুষকে হত্যা করে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেন (যার মধ্যে ১১৫টি শনাক্ত হয়েছে)। সাক্ষীদের জবানবন্দিতে ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে হত্যা, বিডিআর সদস্যদের হত্যা, ক্রসফায়ার নাটক এবং চেইন অব কমান্ড অমান্যের তথ্য উঠে আসে। গুমের মামলায় দেশের ইতিহাসে প্রথম এই যুক্তিতর্কে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জিয়াউল।
মামলার বিচারিক কার্যক্রম অনুযায়ী, গত ১৯শে নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।


