logo
Advertisement

সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

এশিয়া পোস্ট ডেস্ক
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

Advertisement

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রোববার (৩০ আগস্ট) দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা। তাই নতুন তারিখ ধার্য করেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার শুরু থেকেই মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। দীর্ঘ সময় পর মামলাটি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় এসেছে।

এ ঘটনায় গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সেদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট আসামির পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। ২০ আগস্ট ডনের রিমান্ডের জন্য আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান। ২৭ আগস্ট এই মামলায় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।