ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন।
প্রসিকিউশন সূত্র আরও জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় চলমান তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। ওই রাতে তার সঙ্গে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন।
তাদের নিখোঁজের পর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও ইলিয়াস আলী ও আনসার আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে তাদের নিখোঁজের ঘটনায় নানা দাবি ও তদন্তের তথ্য সামনে এলেও এখন পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাটি বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের আওতায় রয়েছে। তদন্তে সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো ও কারাগারে পাঠানোর মধ্য দিয়ে মামলাটির কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো।



