ওবায়দুল কাদেরদের রায় নিয়ে বিরূপ মন্তব্য, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ২ আইনজীবী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ক্যাঙারু কোর্টের রায় বলার অভিযোগে তাদের এ কথার ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু পরে আইনজীবীরা সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছান। এ সময় আওয়ামীপন্থি আরও বেশ কয়েকজন আইনজীবী আসলেও নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা প্রদান করবেন।
এর আগে ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ১৬ সেপ্টম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
ওই দিন প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্যকারী ওই দুজন আইনজীবী হওয়ায় তাদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ জন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাতজন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলার অন্য আসামিরা হলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান।
এছাড়াও এই মামলায় আসামি হিসেবে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এই মামলার সব আসামিই পলাতক রয়েছে।
