Advertisement

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

এশিয়া পোস্ট ডেস্ক
তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
সোহাগী জাহান তনু ও সাবেক সেনা সদস্য হাফিজুর। ছবি: সংগৃহীত

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিন বাতিল হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে আসামির পালিয়ে যাওয়া রোধে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২২ এপ্রিল এই মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে গত ৪ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হন। তবে জামিনের দুই দিনের মাথায় ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া সেই জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

একই সঙ্গে আদালত তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন; অন্যথায় পুলিশকে তাকে পুনরায় গ্রেপ্তারের তাগিদ দেওয়া হয়। আদালতের সেই নির্দেশনা অমান্য করায় পিবিআই আজ কেরানীগঞ্জ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে।