logo

এবার হত্যা মামলায় গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন

এবার হত্যা মামলায় গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন
মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে আদালতে নেওয়ার সময়। ছবি: বাংলা ট্রিবিউন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আজিম আহম্মেদ এ আবেদন করেন।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিম আহমেদ গত ১০ অক্টোবর মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছিল।

সে অনুযায়ী মঈনউদ্দিনকে এদিন আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে মারা যান। যিনি রংপুর ক্যামিকেল লিমিটেডে কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

ওই ঘটনায় পলাশের স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।