logo

তাহসিফ হত্যা মামলা, দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলা, দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সিসিটিভি ফুটেজ ও কে এম তাহসিফ সৌরি। ছবি: কোলাজ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বেলা ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার ভিকটিম কে এম তাহসিফ সৌরির সঙ্গে ঘটনার পূর্বে গত ২৭ অক্টোবর রাতে উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ আসামির যাতায়াত এবং মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরার তথ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এ ছাড়া তাদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগের প্রমাণ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের সঠিক স্থান নির্ধারণ এবং পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে আসামির তথ্য ক্রস-চেক বা মিলিয়ে দেখার জন্য জেরিকা দিশাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট