logo

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
অসীম কুমার উকিল ও অপু উকিল। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

​জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি রুজুর অনুমোদন লাভ করেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে দুদক সচিব বলেন, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেন। তবে যাচাই-বাছাই শেষে তার নামে স্থাবর ও অস্থাবর মিলে মোট ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এতে তিনি ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান করেন।

​তদন্তে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৭ কোটি ৫২ লাখ ৫৮,৯৯২ টাকা এবং মোট ব্যয় পাওয়া যায় ২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৫৪৪ টাকা। এ হিসাব অনুযায়ী তার অর্জিত বৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিলের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যাচাইকালে দেখা যায়, তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা হলেও তার মোট ব্যয় পাওয়া গেছে ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা। অর্থাৎ ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় তার বৈধ উৎসের পরিমাণ দাঁড়ায় মাইনাস ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৮৮৫ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মেলে।

​পরস্পর যোগসাজশে মানিলন্ডারিং

এজাহার সূত্রে আরও জানা যায়, আসামি অপু উকিল আয়ের গ্রহণযোগ্য উৎস না থাকা সত্ত্বেও বিভিন্ন করবর্ষে (২০১৬-১৭ থেকে ২০২০-২১ পর্যন্ত) মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার ০০০ টাকা তার স্বামী অসীম কুমার উকিলের নিকট স্থানান্তর করেন। দুর্নীতি ও ঘুসের মাধ্যমে অর্জিত অর্থ গোপন ও ছদ্মাবৃত্ত করার উদ্দেশ্যে স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এই অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন।

​

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট