জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার খবর প্রচার করায় টিভি বন্ধের নির্দেশ দেন কাদের

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার খবর প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে তার সঙ্গে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কথোপকথনের একটি নতুন কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই কল রেকর্ড দাখিল করা হয়। মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি রয়েছেন।
এর আগে একই মামলায় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার কথোপকথনের একটি রেকর্ড উপস্থাপন করেছিল রাষ্ট্রপক্ষ।
প্রকাশিত ওই কল রেকর্ডে ওবায়দুল কাদেরকে পলককে ‘ইন্টারনেট একটু স্লো করে দিতে’ বলতে শোনা যায়। জবাবে পলক জানান, তিনি এ বিষয়ে ‘নেত্রীর পারমিশন’ নিয়ে নেবেন। তখন কাদের তাকে অনুমতি নিয়ে নিতে বলেন।
মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলাটির বিচার চলছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ৪ আগস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৬ আগস্ট দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমন করতে যোগাযোগব্যবস্থা নিয়ন্ত্রণ ও সংবাদ প্রচারে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। নতুন কল রেকর্ডকে এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
.png)


