খতিয়ান সংশোধন করতে কী কী প্রয়োজন হয়

জমিজমার মালিকানা সঠিক রাখতে এবং আইনি জটিলতা এড়াতে খতিয়ান বা রেকর্ড সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানে কোনো ভুল থাকলে কিংবা ভুল রেকর্ড সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট কিছু কাগজপত্রসহ আইনি পদক্ষেপ নিতে হয়।

এ বিষয়ে ‘রেকর্ড সংশোধন মামলা ও খতিয়ানে ভুল সংশোধন পদ্ধতি’ শীর্ষক বইতে উল্লেখ করেছেন সাইফুল ইসলাম ফকির। বইটির প্রথম অধ্যায়ের ৭৭ নম্বর পৃষ্ঠায় লেখক জমির খতিয়ান সংশোধন করতে যা দরকার তা নিয়ে আলোচনা করেছেন।
খতিয়ান সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্র
মালিকানার দলিলপত্র: উক্ত জমিতে আপনার মালিকানার সকল মূল দলিল, বায়া দলিল ও পূর্বের খতিয়ানের কপি।
ভুল রেকর্ডের কপি: চূড়ান্তভাবে প্রকাশিত যে ভুল খতিয়ানটি সংশোধন করতে চান, সেটির কপি।
পরিচয়পত্র: আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
আইনি প্রক্রিয়া
প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহের পর এখতিয়ারধীন আদালতে গিয়ে একজন দক্ষ দেওয়ানি/সিভিল আইনজীবীর পরামর্শ নিতে হবে। আইনজীবী ক্ষেত্রে বিশেষে ‘ভূমি জরিপ ট্রাইব্যুনাল’ কিংবা দেওয়ানি আদালতে খতিয়ান ও রেকর্ড সংশোধনীর জন্য একটি ‘ঘোষণামূলক’ মামলা দায়ের করবেন।

সংশোধন না করার ঝুঁকি
খতিয়ান যথাসময়ে সংশোধন না করলে পরবর্তীতে জমির নামজারি বা মিউটেশন করা সম্ভব হয় না। আর জমি মিউটেশন করা না থাকলে উক্ত জমি আইনগতভাবে বিক্রি বা হস্তান্তর করা যায় না। তাই আইনি জটিলতা এড়াতে দ্রুত খতিয়ান সংশোধনের উদ্যোগ নেওয়া জরুরি।

