logo

যে ৭ ব্যায়াম কমাতে পারে মাংসপেশির টান

যে ৭ ব্যায়াম কমাতে পারে মাংসপেশির টান
ছবি : ব্যায়াম

নিয়মিত ব্যায়াম ও সঠিকভাবে শরীরচর্চা করলে মাংসপেশির নমনীয়তা, শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়। এতে ভবিষ্যতে মাংসপেশিতে টান বা স্ট্রেইনের ঝুঁকি অনেকটাই কমে যায়।

মাংসপেশির টান বা স্ট্রেইন সাধারণত ঘটে যখন কোনো পেশি অতিরিক্ত টান পড়ে, হঠাৎ নড়াচড়া, ভারী জিনিস তোলা বা অতিরিক্ত ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া, ফোলা, দুর্বলতা এবং নড়াচড়ায় সমস্যা হতে পারে।

হালকা টান বা স্ট্রেইন কয়েক দিন বা সপ্তাহে সেরে যেতে পারে, তবে গুরুতর হলে চিকিৎসা প্রয়োজন হতে পারে।

মাংসপেশির টান কমাতে কার্যকর ৭টি ব্যায়াম

হালকা স্ট্রেচিং

স্ট্রেচিং হলো পেশি শিথিল করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। এটি পেশির শক্তভাব কমাতে, নমনীয়তা বাড়াতে ও নড়াচড়ার সক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

ঘাড়, কাঁধ, পিঠ ও পায়ের পেশি ১৫–৩০ সেকেন্ড ধরে ধীরে ধীরে স্ট্রেচ করুন। কোনোভাবেই ঝাঁকুনি দেবেন না।

হাঁটা (Walking)

হালকা হাঁটা পুরো শরীরে রক্তসঞ্চালন বাড়ায় এবং পেশিকে সক্রিয় রাখে।

উপকারিতা

  • পেশিতে অক্সিজেন সরবরাহ বাড়ায়।
  • শক্তভাব কমায়।
  • দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষতি কমায়।

প্রতিদিন ২০–৩০ মিনিট দ্রুত হাঁটা উপকারী।

ক্যাট-কাউ স্ট্রেচ

এটি বিশেষভাবে মেরুদণ্ড ও ঘাড়ের টান কমাতে কার্যকর।

যেভাবে করবেন

  • হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে শুরু করুন।
  • পিঠ ওপরের দিকে বাঁকান।
  • এরপর পেট নিচে নামিয়ে মাথা তুলুন।

এটি পিঠ, ঘাড় ও কাঁধের জড়তা কমায়।

গ্লুট ব্রিজ

এই ব্যায়াম কোমর, নিতম্ব ও হিপের পেশিকে শক্তিশালী করে।

উপকারিতা

  • কোমরের চাপ কমায়।
  • শরীরের ভারসাম্য উন্নত করে।
  • পেশির স্থিতিশীলতা বাড়ায়।

১০-১৫ বার দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে।

শোল্ডার রোল

ঘাড় ও কাঁধের টান কমাতে খুব সহজ একটি ব্যায়াম। এটি রক্তসঞ্চালন বাড়ায়, কাঁধের জড়তা কমায় এবং মানসিক চাপজনিত টান হ্রাস করে। সামনে ও পেছনে ধীরে ধীরে কাঁধ ঘোরান ১-২ মিনিট।

হ্যামস্ট্রিং স্ট্রেচ

হ্যামস্ট্রিং পেশি নমনীয় থাকলে কোমর ও হাঁটুর ওপর চাপ কমে।

যেভাবে করবেন

  • দাঁড়িয়ে এক পা সামনে রাখুন।
  • ধীরে শরীর ঝুঁকিয়ে পায়ের দিকে যান।
  • কয়েক সেকেন্ড ধরে রাখুন।

এটি পেশির নমনীয়তা ও সহনশক্তি বাড়ায়।

কাফ রেইজ (Calf Raises)

পায়ের নিচের অংশ শক্তিশালী করতে এটি খুব কার্যকর।

যেভাবে করবেন

  • সোজা দাঁড়ান।
  • পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঠুন।
  • ধীরে নিচে নামুন।

এটি হাঁটা, দৌড়ানো ও সিঁড়ি ওঠার সময় পেশির চাপ কমাতে সাহায্য করে।

মাংসপেশির টান শুধু বিশ্রামে নয়, নিয়মিত সঠিক ব্যায়ামের মাধ্যমেও প্রতিরোধ করা সম্ভব। হালকা স্ট্রেচিং থেকে শুরু করে শক্তিবর্ধক ব্যায়াম নিয়মিত করলে শরীর আরও নমনীয়, শক্তিশালী এবং ইনজুরিমুক্ত থাকে।

সূত্র: এনডিটিভি